চরাঞ্চলের শীতার্ত মানুষের পাশে ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব

ভারতের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা। এখানকার চরাঞ্চলগুলোর জীবনযাত্রার মান অত্যন্ত অপর্যাপ্ত। শীতকালে তাদের সংকট যেন আরো বেড়ে যায়।

ভারতের সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা। এখানকার চরাঞ্চলগুলোর জীবনযাত্রার মান অত্যন্ত অপর্যাপ্ত। শীতকালে তাদের সংকট যেন আরো বেড়ে যায়। এসব অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনে যে সংকট তা মোকাবেলায় এগিয়ে এসেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাব।

সংগঠনটি উদ্যোগ নেয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির। ২২ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রকল্পে ক্লাবের সদস্যরা ইউআইইউ পরিবারের সবার থেকেই অনুদান সংগ্রহ করতে শুরু করেন। সর্বোচ্চ আন্তরিকতায় শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের সহযোগিতায় ৬ ডিসেম্বর পর্যন্ত চলে এ অনুদান সংগ্রহের কাজ।

১১ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ দলের সদস্যরা সরজমিনে মাঠ পর্যবেক্ষণের জন্য নির্ধারিত চরাঞ্চলে উপস্থিত হন। তারা দেখতে পান এসব অঞ্চলের মানুষের জীবনযাত্রা কষ্টকর। যোগাযোগ ব্যবস্থায় দুর্বলতা, চিকিৎসা সুবিধার অভাব এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সীমাবদ্ধতা তাদের জীবনকে কঠিন করে তুলেছে। ১২ ডিসেম্বর ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রায় ৫০০ পিস কম্বল এবং নতুন ও পুরনো শীতবস্ত্র বিতরণ করে, যা ৩০০ থেকে ৩৫০ জন মানুষ ও আনুমানিক ৫০০ থেকে ৬০০টি পরিবারকে উপকৃত করে। তেলিপাড়া, সোনারী পাড়া, কড়াই বাইশাল পাড়া, বিষাড়পাড়া, ভোষমারা প্রভৃতি অঞ্চলে পৌঁছানো শীতবস্ত্র শুধু শীত থেকে রক্ষা করেনি, বরং সেখানে ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছে সংগঠনটি।

ক্লাবের স্বেচ্ছাসেবীরা বিশ্বাস করেন, এ ধরনের সামাজিক কার্যক্রম সমাজের অবহেলিত মানুষের জীবনে সামান্য হলেও পরিবর্তন আনতে পারে। সাহায্যের হাত বাড়িয়ে দিলে সমাজে পরিবর্তন সম্ভব। ইউআইইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাব ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মানবতার সেবায় কাজ করে যেতে চায়, যেন তাদের উদ্যোগে আরো অনেক মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হয়।

আরও