বিইউএফটির জাতীয় কুইজে চ্যাম্পিয়ন ঢাকা কমার্স কলেজ

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) আয়োজনে অনুষ্ঠিত জাতীয় কুইজ প্রতিযোগিতা ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা কমার্স কলেজ। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে জিরাবো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ফারিক হাসান অমিয় নির্বাচিত হয়েছেন সেরা প্রতিযোগী।

গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আব্দুল্লাহ হিল রাকিব মিলনায়তনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘বিজিএমইএ প্রেজেন্টস বিইউএফটি জাতীয় কুইজ প্রতিযোগিতা ২.০-২০২৬’ শীর্ষক আয়োজনটি বিইউএফটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর দলের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিল বিআরবি, নেক্সাজেন ও আরএফএল। সহ-পৃষ্ঠপোষক ছিল ডেসকো, আসুটেক্স, সিস্টেম ইঞ্জিনিয়ারিং ও ওএমসি।

বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজ ও ওয়েগা গ্রুপের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএর ব্যবসা উন্নয়নবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান শাফায়েত উল্লাহ রহমত, বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও জুম গ্রুপের চেয়ারম্যান ড. এম এ মজিদ তালুকদার, বোর্ডের সদস্য ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ এবং বোর্ডের সদস্য ও সাগর গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হক।

বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য দেন ফ্যাকাল্টি অব সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল জলিল। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রথম পর্বে উত্তীর্ণ ১ হাজার ৪২৪ জন কলেজশিক্ষার্থী অংশ নেন। তরুণদের জ্ঞান ও সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

বিশ্ববিদ্যালয়ে পৌঁছে প্রতিযোগীরা দ্বিতীয় পর্বের বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষায় অংশ নেন। এ পর্ব থেকে ৩০টি দল কোয়ার্টার ফাইনালে ওঠে। পরবর্তী বাজার পর্বে ছয়টি দল সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে। সেখান থেকে চারটি দল চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। চূড়ান্ত পর্বে ছিল অডিও-ভিজ্যুয়াল ও দ্রুত উত্তর দেয়ার পর্ব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা, বিশিষ্ট অতিথি ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী, বিজয়ী ও অতিথিদের সঙ্গে দলীয় ছবি তোলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ফ্যাশন রানওয়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বিইউএফটি হেরিটেজ ক্লাব ও বিইউএফটি কালচারাল ক্লাব। ইভেন্ট পার্টনার ছিল চ্যানেল ২৪ এবং জ্ঞানবিষয়ক সহযোগী প্রতিষ্ঠান ছিল লার্নআপ। গণমাধ্যম সহযোগী হিসেবে যুক্ত ছিল সময় টিভি, আমাদের সময়, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য ডেইলি ক্যাম্পাস ও রেডিও টুডে।

—বিজ্ঞপ্তি

আরও