উত্তরা ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট অ্যান্ড এসডিজি ক্লাব

সবুজ ক্যাম্পাসের স্বপ্ন থেকে বৈশ্বিক জলবায়ু আন্দোলন

ক্লাবের প্রথম বড় চমক ছিল ‘কাগজ পুনরুজ্জীবন উদ্যোগ: বর্জ্য থেকে সুস্থতা’ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখার হাত ধরে শুরু হওয়া এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল ক্যাম্পাসে ব্যবহৃত কাগজের অপচয় রোধ এবং পুনর্ব্যবহারের সংস্কৃতি তৈরি করা।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি। এ চেতনাকে ধারণ করে গত ১৯ নভেম্বর ২০২৫ যাত্রা শুরু করা উত্তরা ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট অ্যান্ড এসডিজি ক্লাব ক্যাম্পাস ছাড়িয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিবেশ সচেতনতায় কাজ করেছে। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাবটি তারুণ্যের শক্তি ও উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগিয়ে একের পর এক ব্যতিক্রমী ও সফল কর্মসূচি আয়োজন করে চলেছে।

ক্লাবের প্রথম বড় চমক ছিল ‘কাগজ পুনরুজ্জীবন উদ্যোগ: বর্জ্য থেকে সুস্থতা’ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমিন আরা লেখার হাত ধরে শুরু হওয়া এ উদ্যোগের মূল লক্ষ্য ছিল ক্যাম্পাসে ব্যবহৃত কাগজের অপচয় রোধ এবং পুনর্ব্যবহারের সংস্কৃতি তৈরি করা। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশেষ রিসাইকেল বক্স স্থাপনের মাধ্যমে বর্জ্য কাগজকে পুনরায় ব্যবহারের উপযোগী করার ধারণাটি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে ব্যাপক সমাদৃত হয়।

শুধু মাঠ পর্যায়ের কাজই নয়, শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে ফেব্রুয়ারি ও মার্চজুড়ে ক্লাবটি আয়োজন করে ‘পরিবেশ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কুইজ সিরিজ’। প্রতি শনি ও মঙ্গলবার নিয়মিত আয়োজিত এ কুইজে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন নিয়ে তাদের জ্ঞান ঝালিয়ে নেয়ার সুযোগ পান। যার সমাপনী ঘটে গত ৯ এপ্রিল পুরস্কার বিতরণের মাধ্যমে। এর ঠিক পর পরই ২২ এপ্রিল বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে শুরু হয় "‘আর্থ পালস ১.০: ধরিত্রীর ডাক’" বৃক্ষচারা বিতরণ কর্মসূচি। ১৫০টিরও বেশি বৃক্ষচারা বিতরণের পর প্রায় দুই মাস ধরে সে গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও ডিজিটাল প্লাটফর্মে বৃদ্ধির ছবি ভাগাভাগি করার আইডিয়াটি পরিবেশের প্রতি শিক্ষার্থীদের এক অনন্য দায়বদ্ধতার নজির গড়ে তোলে।

প্রযুক্তির সঙ্গে পরিবেশের মেলবন্ধন ঘটাতে ১৮-১৯ মে আয়োজিত হয় ‘স্মার্ট গতিশীলতা সবুজ ক্যাম্পাস সক্রিয়করণ কর্মসূচি ২০২৬’। একটি যৌথ অংশীদারত্বের অধীনে আয়োজিত এ ইভেন্টে শিক্ষার্থীরা ই-বাইকের পরীক্ষামূলক চালনা ও অ্যাপভিত্তিক ই-বাইক ভাড়া সেবার সঙ্গে পরিচিত হন। একই সঙ্গে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও ক্যারিয়ার গঠনে নতুন দুয়ার খুলে দেয়। ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে গত ৮ মে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত বৈশ্বিক জলবায়ু ধর্মঘট ২০২৬-এ ক্লাবটি ‘আয়োজক অংশীদার’ হিসেবে বৈশ্বিক জলবায়ু আন্দোলনের সঙ্গে সুর মিলিয়ে জলবায়ু ন্যায়বিচারের দাবিতে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে।

বর্তমানে ক্লাবটির অন্যতম সফল ও চলমান ইভেন্ট হলো ‘গ্রিনভার্স ১.০: টেকসই আগামীকালের জন্য একসাথে’। গত ৬ জুন শুরু হওয়া এ মেগা আয়োজনের অধীনে এরই মধ্যে কুইজ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে এবং বর্তমানে চলছে সৃজনশীল ৩০ সেকেন্ডের সবুজ বার্তা প্রতিযোগিতা। যেখানে শিক্ষার্থীরা ভিডিও বার্তার মাধ্যমে পরিবেশের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিচ্ছেন, যার চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে ২১ জুলাই।

উত্তরা ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট অ্যান্ড এসডিজি ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম ইমন বলেন, প্রতিষ্ঠার পর থেকেই ‘জলবায়ু ন্যায়বিচার সমাবেশ ২০২৫’, ‘ওয়ান আর্থ ফেস্টিভ্যাল’, ‘নীতি সংলাপ’, ‘জিরো অলিম্পিয়াড’ ও ‘সুন্দরবন সম্মেলন ২০২৬’-এর মতো একাধিক জাতীয় ও নীতিনির্ধারণী বৈশ্বিক ফোরামে সক্রিয়ভাবে অংশ নিয়েছি আমরা। একঝাঁক স্বপ্নবাজ তরুণের সঙ্গে আমরা এ সবুজ অভিযাত্রা চালু রেখেছি। সচেতনতার প্রথম ধাপটি যদি ক্যাম্পাস থেকে শুরু হয়, তবে তার সুদূরপ্রসারি প্রভাব একদিন পুরো পৃথিবীকে বদলে দেবে।

আরও