ক্লাসরুম টু নিউজরুম

রাবির সাংবাদিকতা বিভাগে মোবাইল সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

‘মোবাইল সাংবাদিকতার মাধ্যমে আগামী প্রজন্মের গল্পকার তৈরি’— প্রতিপাদ্য সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়ে গেল মোবাইল সাংবাদিকতা (মোজো) নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এতে মোবাইল ফোন ব্যবহার করে সংবাদ সংগ্রহ, তৈরি ও উপস্থাপনের বিভিন্ন কৌশল নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১২৩নং কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম।

বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু ছালেহ শোয়েবের সঞ্চালনায় কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মশিহুর রহমান। পরে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মাল্টিমিডিয়া বিভাগের প্রধান মজুমদার বাবু বক্তব্য দেন। ‘ক্লাসরুম টু নিউজরুম’ প্রকল্পের বিষয়ে ধারণা দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ও এই কর্মশালার লিড ট্রেইনার রাজীব নন্দী। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার। কর্মশালায় বিভাগের দ্বিতীয় বর্ষ থেকে এমএসএস প্রথম সেমিস্টারের ৫৭ জন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলিম বলেন, এক সময় বিশ্ববিদ্যালয়ে পত্রিকা পড়তে শিক্ষার্থীদের অনেক কষ্ট করতে হতো। বৃষ্টি উপেক্ষা করে পত্রিকা পড়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো ডায়েরিতে লিখে রাখতেন তারা। এখন মোবাইলের এক ক্লিকেই সারা বিশ্বের খবর পাওয়া যাচ্ছে। প্রযুক্তির এই পরিবর্তন শিক্ষার্থীদের তথ্য পাওয়ার সুযোগ অনেক সহজ করে দিয়েছে। টিবিএসের সঙ্গে বিভাগের এ চুক্তি শিক্ষার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের জন্য বাড়তি সুবিধা দেবে।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল বলেন, প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে গেছে। কম্পিউটারে কম্পোজ থেকে শুরু করে সফটওয়্যারনির্ভর সংবাদ সম্পাদনা, টেলিভিশন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার পর মোবাইল ফোন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ডিভাইস হয়ে উঠেছে। তাই শুধু মোবাইলে ছবি বা ভিডিও ধারণ করতে পারলেই হবে না, এর মাধ্যমে সাংবাদিকতার খুঁটিনাটি বিষয়ও শেখা প্রয়োজন।

আরও