শখ থেকে কেক ব্যবসায় সফল আইইউবিএটির শিক্ষার্থী সানজিদা

উচ্চ শিক্ষার পাশাপাশি নিজস্ব পরিচয় গড়ে তোলার স্বপ্ন এখন অনেক তরুণ-তরুণীকেই দেখাচ্ছে আত্মনির্ভরতার পথ।

এমনই একজন উদ্যমী তরুণী সানজিদা সানজু, যিনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ‘কলেজ অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’-এর শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি পরিচালনা করছেন একটি অনলাইন কেক ব্যবসা ‘The Ultimate Cake Zone’ এবং ভবিষ্যতে একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছেন।

ছোটবেলা থেকেই বেকিংয়ের প্রতি ছিল সানজিদার গভীর আগ্রহ। পরিবার ও বন্ধুদের জন্য বিভিন্ন ধরনের কেক তৈরি করতে করতেই তিনি উপলব্ধি করেন, নিজের এ শখকে একটি সম্ভাবনাময় ব্যবসায় রূপ দেয়া সম্ভব। সেই ভাবনা থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি অনলাইন কেক পেজ চালু করেন। বর্তমানে তিনি জন্মদিন, বিবাহবার্ষিকী, করপোরেট অনুষ্ঠান, বেবি শাওয়ারসহ বিভিন্ন বিশেষ আয়োজনের জন্য কাস্টমাইজড কেক তৈরি করে গ্রাহকদের কাছে পৌঁছে দিচ্ছেন।

সানজিদা মনে করেন, একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি হলো সৃজনশীলতা, সততা এবং মানসম্মত উপকরণের ব্যবহার। প্রতিটি কেক তিনি পরম যত্নে তৈরি করেন, যাতে গ্রাহকের উদযাপনে যোগ হয় বাড়তি আনন্দ। তিনি বিশ্বাস করেন, আইইউবিএটিতে অর্জিত আতিথেয়তা ও সেবাবিষয়ক জ্ঞান তার উদ্যোক্তা জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ে শেখা পেশাদারত্ব, সময় ব্যবস্থাপনা, গ্রাহকসেবা এবং যোগাযোগ দক্ষতা তার ব্যবসাকে আরো সুসংগঠিত করতে সহায়তা করছে।

নিজের লক্ষ্য নিয়ে সানজিদা বলেন, তিনি ‘The Ultimate Cake Zone’-কে একটি বিশ্বস্ত ও সুপরিচিত ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চান, যা মান ও সৃজনশীলতার জন্য পরিচিত হবে এবং ভবিষ্যতে আরো বহু নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। বর্তমান সময়ে ডিজিটাল প্লাটফর্ম তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা থাকলে পড়াশোনার পাশাপাশি সফল ব্যবসা পরিচালনা করা সম্ভব—সানজিদা সানজুর এ পথচলা বাংলাদেশের উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য এক উজ্জ্বল উদাহরণ।

আরও