বিশ্ববিদ্যালয়ের সার্ধশতবার্ষিকী ও ১৪তম গ্র্যান্ড রিইউনিয়ন

বুয়েট উপাচার্যের সঙ্গে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজক কমিটির মতবিনিময়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ১৫০ বছর পূর্তি বা সার্ধশতবার্ষিকী উদযাপন এবং ১৪তম গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজন করছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন (বিইউইটিএএ)। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে গঠিত কেন্দ্রীয় আয়োজক কমিটি ও বিভিন্ন উপ-কমিটির প্রতিনিধিরা বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। গত ১৯ অক্টোবর বুয়েট উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সার্ধশতবার্ষিকী উদযাপন ও ১৪তম গ্র্যান্ড রিইউনিয়ন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মপরিকল্পনা, অনুষ্ঠানসূচি, নিবন্ধন কার্যক্রম, ব্যবস্থাপনা, সমন্বয় এবং সার্বিক প্রস্তুতির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় অনুষ্ঠানের ব্যবস্থাপনায় নিয়োজিত প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে প্রস্তাবিত আয়োজন ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

সভায় আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী আব্দুর রউফ, সদস্য-সচিব প্রকৌশলী ইমু রিয়াজুল হাসান, বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক, সমন্বয়ক ও কোষাধ্যক্ষ, বুয়েট এলামনাই এবং প্রকৌশলী আতিকুর রহমান পিনু, মহাসচিবসহ আয়োজক কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়ক ও সদস্য-সচিবসহ মোট ১৬টি উপ-কমিটির প্রতিনিধিরা অনুষ্ঠানের প্রস্তুতি ও বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন।

সভায় জানানো হয়, বুয়েটের ১৫০ বছরের ঐতিহ্য, গৌরব, প্রকৌশল শিক্ষার বিকাশ, গবেষণা, উদ্ভাবন এবং দেশের অবকাঠামোগত ও আর্থসামাজিক উন্নয়নে বুয়েটের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং গ্র্যাজুয়েটদের অবদানকে তুলে ধরার লক্ষ্যে আগামী ৫ জানুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হবে।— সংবাদ বিজ্ঞপ্তি

আরও