এ ফোরামের মাধ্যমে আমরা উচ্চ শিক্ষায় নেতৃত্বস্থানীয়দের বৈশ্বিক মানদণ্ডের আরো কাছাকাছি নিয়ে আসতে চাই এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে আরো বড় লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত করতে চাই। আমাদের দৃঢ় বিশ্বাস, দেশের উচ্চ শিক্ষার ভবিষ্যৎ নির্ভর করছে সরকার, ইউজিসি, সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক সংস্থা, শিল্প খাত এবং আমাদের অন্য অংশীজনদের মধ্যকার দৃঢ় সহযোগিতার ওপর। আন্তর্জাতিক সম্পৃক্ততা জোরদার করতে আরো কিছু পরিকল্পনা রয়েছে। বৃহত্তর একাডেমিক সহযোগিতা, জ্ঞান ও সেরা চর্চার আদান-প্রদান, যৌথ গবেষণা এবং উচ্চ শিক্ষায় আরো শক্তিশালী আঞ্চলিক অংশীদারত্বের জন্য একটি প্লাটফর্ম তৈরির উদ্দেশ্যে সার্ক ও প্রতিবেশী দেশগুলোকে নিয়ে একটি আঞ্চলিক সম্মেলন আয়োজনের কথা বিবেচনা করছি। পাশাপাশি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠেয় ‘কিউএস হায়ার এডুকেশন সামিট এশিয়া-প্যাসিফিক ২০২৬’-এ একটি ডেডিকেটেড ‘বাংলাদেশ প্যাভিলিয়ন’-এর মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার পরিকল্পনা রয়েছে।