স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’। এতে দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ এবং ক্যারিয়ার গড়ার বিষয়ে দিকনির্দেশনা পান আগ্রহী শিক্ষার্থীরা।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিসিপিসি)-এর উদ্যোগে এবং জেসিআই বাংলাদেশ ডিপ্লোমেটস, জেসিআই ঢাকা হ্যারিটেজ ও জেসিআই ঢাকা ইমপ্যাক্টের সহযোগিতায় গতকাল এ ক্যারিয়ার এক্সপোর আয়োজন করা হয়।
এক্সপোর উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শরিফ নাফে আস-সাবের।
উদ্বোধনী অনুষ্ঠানে এক্সপোয় অংশ নেয়া ৪০টির বেশি দেশী-বিদেশী ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে। সকাল থেকেই শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন। কেউ সরাসরি সিভি জমা দেন, আবার কেউ প্রতিষ্ঠানগুলোর নিয়োগপ্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে তথ্য নেন।
ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নতুন চাকরিপ্রত্যাশী ও ইন্টার্নশিপে আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ। একইসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ ও করপোরেট প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব ধারণা নেয়ার সুযোগ পান।
চাকরি ও ইন্টার্নশিপের সুযোগের পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব, উদ্যোক্তা হওয়ার প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে দিকনির্দেশনা দিতে দিনব্যাপী একাধিক ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেশনের আয়োজন করা হয়। এর মধ্যে ‘ক্যারিয়ার ইন ব্যাংকিং’ বিষয়ে সেশন পরিচালনা করেন শাহরিয়ার ইমরান। ‘এন্টারপ্রেনিউরশিপ’ বিষয়ে সেশন পরিচালনা করেন তাশদিক হাবিব। ‘ক্যারিয়ার ইন আইটি’ ও ‘লিডারশিপ স্কিলস’ বিষয়ে কথা বলেন যথাক্রমে জাফির শাফি চৌধুরী ও মো. আলতামিস নাবিল।
আয়োজকরা মনে করছেন, এ আয়োজন শুধু চাকরির আবেদন বা সিভি জমা দেয়ার একটি প্লাটফর্ম নয়; বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে করপোরেট ও পেশাজগতের সরাসরি সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রের চাহিদা, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।—সংবাদ বিজ্ঞপ্তি