প্রিয় দলের পতাকা ওড়ানো, গায়ে জার্সি জড়ানো, চায়ের আড্ডায় বন্ধুদের সঙ্গে তর্ক-বিতর্ক আর রাত জেগে খেলা দেখার চেনা আনন্দের পাশাপাশি এবার বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে যোগ হয়েছে এক নতুন মাত্রা। ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে প্রিয় দল ও প্রিয় তারকাদের গ্রাফিতিতে মুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দেয়ালে আঁকা হয়েছে দৃষ্টিনন্দন এক গ্রাফিতি। দেয়ালচিত্রটিতে দেখা যাচ্ছে কানায় কানায় দর্শকপূর্ণ একটি বিশাল স্টেডিয়াম, যার কেন্দ্রবিন্দুতে জ্বলজ্বল করছে বিশ্বকাপ ট্রফি। আর সেই ট্রফির দিকে তাকিয়ে আছেন বিশ্ব কাঁপানো আটজন কিংবদন্তি খেলোয়াড়। গ্রাফিতিতে স্থান পাওয়া ফুটবলাররা হলেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র, ক্রিস্টিয়ানো রোনালদো, কিলিয়ান এমবাপ্পে, জামাল মুসিয়ালা, লামিনে ইয়ামাল, সাদিও মানে এবং সন হিউং-মিন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের হলগুলোর দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন দলের পতাকা।
দেয়ালচিত্রটি এখন ক্যাম্পাসের অন্যতম সেরা ফটো জোন। প্রিয় তারকাদের ছবির সামনে দাঁড়িয়ে কেউ তুলছেন দলবেঁধে বন্ধুদের সঙ্গে ছবি, কেউবা প্রিয় মানুষের হাত ধরে ফ্রেমবন্দি করছেন দারুণ মুহূর্তগুলো। আর সেসব ছবি চেক-ইন ও নান্দনিক ক্যাপশনসহ মুহূর্তেই ছড়িয়ে পড়ছে ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে ক্যাম্পাসজুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশ।
ববি ছাত্র অধিকার পরিষদের সহযোগিতায় এ বিশাল দেয়ালচিত্রটি এঁকেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় চারুকলা সংসদের (ববিচাস) সভাপতি নন্দিতা হালদার ও চিত্রশিল্পী তানভীর। গ্রাফিতিটি প্রসঙ্গে নন্দিতা হালদার বলেন, ‘বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নির্মিত দেয়ালচিত্রটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। তবে কাজটির প্রথম পর্যায়ে আমাদের নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসে উপযুক্ত দেয়ালের সংকট শিল্পীদের দক্ষতা পূর্ণাঙ্গভাবে প্রকাশে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। তবুও রঙের সুষম ব্যবহার ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে আমরা চিত্রটিতে একটি নতুন মাত্রা যোগ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। সবাই এসে ছবি তুলছে। ফেসবুকে আপলোড করছে। এটা দেখে আমারও খুব ভালো লাগছে।’
ববির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোফিদুল হাসান বলেন, ‘ক্যাম্পাসে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আকাশচুম্বী উন্মাদনা। রাত জেগে ক্যাম্পাসে খেলা দেখছি। যেটা আগে কখনো হয়নি। ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে বিভিন্ন দলের গ্রাফিতি। পুরো ক্যাম্পাস দেখেই যেন মনে হচ্ছে বিশ্বকাপ এখানেই হচ্ছে।’
আরেক শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, ‘ভাবিনি ক্যাম্পাসের চেনা দেয়ালগুলো এভাবে রঙিন হয়ে উঠবে। ক্লাস-পরীক্ষার ব্যস্ততার মাঝে ক্যাফেটেরিয়ার সামনে এলেই এখন মন ভালো হয়ে যায়। বিশেষ করে এক ফ্রেমে মেসি, রোনালদো, নেইমারদের সঙ্গে নতুন প্রজন্মের ইয়ামাল-মুসিয়ালাদের ছবি দেখতে দারুণ লাগছে।’