ইতালিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্কলারশিপ সুবিধা রয়েছে, যা শিক্ষার্থীদের পড়াশোনার খরচ অনেকটাই কমিয়ে দেয়। সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক এসব স্কলারশিপ টিউশন ফি, মাসিক ভাতা, স্বাস্থ্য বীমা ও জীবনের অন্যান্য খরচ বহন করে। ইতালি উচ্চশিক্ষার জন্য একটি জনপ্রিয় গন্তব্য, যেখানে আধুনিক প্রযুক্তি ও ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন লক্ষ্য করা যায়। এখানে শিক্ষার্থীরা বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যয়ন করতে পারেন। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে এখানে। স্বল্প খরচে শিক্ষা এবং জীবনযাপনের সুযোগ ও সমৃদ্ধ সংস্কৃতির কারণে ইতালি প্রতি বছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে আকৃষ্ট করে। তাই উচ্চশিক্ষার জন্য ইতালি এখন বিশ্বের অন্যতম সেরা স্থান হিসেবে বিবেচিত।
ইতালিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ: ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় (MAECI) আন্তর্জাতিক শিক্ষার্থীদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য এ বৃত্তি দেয়। বৃত্তির আওতায় রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা ৯০০ ইউরো, স্বাস্থ্য বীমা ও কিছু ক্ষেত্রে ভ্রমণ ব্যয়।
আর্তুরো ফালাচি পিএইচডি ফেলোশিপ: আর্তুরো ফালাচি পিএইচডি ফেলোশিপ বিদেশী শিক্ষার্থীদের জন্য ব্যাপক অর্থায়ন করে থাকে। ফেলোশিপটি ICGEB (International Centre for Genetic Engineering and Biotechnology) দ্বারা প্রদান করা হয়। এর মেয়াদ তিন বছর, যা ক্ষেত্রবিশেষে আরো এক বছর বাড়তে পারে। এ বৃত্তিতে উপবৃত্তি, স্বাস্থ্য বীমা ও অতিরিক্ত নানা সুবিধা পাওয়া যাবে।
বোকোনি ইউনিভার্সিটি স্কলারশিপ: বোকোনি ইউনিভার্সিটি স্কলারশিপের সুযোগ পান স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা বিদেশী শিক্ষার্থীরা। আবাসন সুবিধা, টিউশন ফি ছাড়াও প্রতি বছর স্নাতকের শিক্ষার্থীরা ১২ হাজার ইউরো ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা ১৩ হাজার ইউরো পান। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে আবাসন সুবিধাও দেয়া হয়, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা হয়ে দাঁড়ায়। এ স্কলারশিপের জন্য আলাদা করে আবেদন করতে হয় না। ভর্তি ও আবেদন প্রক্রিয়ার সঙ্গেই শিক্ষার্থীর একাডেমিক ফলাফল, নেতৃত্বগুণ ও আন্তর্জাতিক মান বিবেচনায় নেয়া হয়।
বোলোগনা ইউনিভার্সিটি স্কলারশিপ: স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী বিদেশী শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়ন করে বোলোগনা ইউনিভার্সিটি স্কলারশিপ। টিউশন ফিসহ বছরে ১১ হাজার ইউরো শিক্ষা অনুদান পাওয়া যায় এ স্কলারশিপের আওতায়।
স্কুয়োলা নরমাল সুপিরিয়র স্কলারশিপ: স্কুয়োলা নরমাল সুপিরিয়র স্কলারশিপে চার বছর মেয়াদি ৭৫টি পিএইচডি স্কলারশিপ দেয় দেশটি। এ বৃত্তি দেশী ও বিদেশী শিক্ষার্থীদের জন্য। এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ও থাকার সুবিধা পাবেন। এছাড়া গবেষণাকাজ পরিচালনার জন্য শিক্ষার্থীরা অতিরিক্ত অর্থও পেতে পারেন।