র‍্যাংকিংয়ের পাশাপাশি উচ্চ শিক্ষার মান ও কর্মসংস্থান যোগ্যতায় জোর দিতে হবে

অধ্যাপক ড. মামুন আহমেদ

চেয়ারম্যান, ইউজিসি

বিশ্ব র‍্যাংকিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান উন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করা, গবেষণার সক্ষমতা বাড়ানো এবং শিক্ষার্থীদের দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান গুরুত্বপূর্ণ, কিন্তু র‍্যাংকিং কোনো বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত সাফল্যের একমাত্র মানদণ্ড হতে পারে না। বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য হতে হবে মানসম্মত শিক্ষা প্রদান, জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবন এবং শিক্ষার্থীদের দক্ষ ও কর্মসংস্থানযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।

বাংলাদেশের উচ্চ শিক্ষার রূপান্তরের লক্ষ্যে ইউজিসি পাঁচ বছর মেয়াদি কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। এ পরিকল্পনার আওতায় গবেষণার মানোন্নয়ন, শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের কর্মদক্ষতা বৃদ্ধি, ডিজিটাল রূপান্তর, আন্তর্জাতিকীকরণ এবং দেশ-বিদেশের পরিবর্তনশীল চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের বিভিন্ন সূচক ও মানদণ্ড থেকে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী একটি কার্যকর মানদণ্ড তৈরি করতে হবে। বর্তমানে দেশে ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবকাঠামো, শিক্ষক, গবেষণা, প্রযুক্তি, অর্থায়ন ও শিক্ষার সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিদ্যমান পার্থক্য কমিয়ে সব শিক্ষার্থীর জন্য মানসম্মত উচ্চ শিক্ষার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। ইউজিসি এ লক্ষ্যেই কাজ করছে। একটি বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকলেই যে তার শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি সফল হবে—এমনটি নয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমকে শিল্প খাত ও চাকরির বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা, প্রযুক্তিগত দক্ষতা, নেতৃত্ব, উদ্যোক্তা দক্ষতা এবং পরিবর্তিত কর্মপরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জনের সুযোগ দিতে হবে।

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক কম ব্যয়ে উচ্চ শিক্ষার সুযোগ, শিক্ষার্থীদের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা, স্থানীয় প্রেক্ষাপটে শিক্ষার অবদান এবং দেশের উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার মতো গুরুত্বপূর্ণ অনেক বিষয় আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে যথাযথভাবে প্রতিফলিত হয় না।

বাংলাদেশের উচ্চ শিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে সরকার, ইউজিসি, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও