টাইমস হায়ার এডুকেশন বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিং প্রকাশ করে। এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।
র্যাঙ্কিংয়ে শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, এই পাঁচটি ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে গুণগত শিক্ষাদান সূচকে বাংলাদেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
সাম্প্রতিক বছরগুলোতেও বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। একই র্যাঙ্কিংয়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১ বা দারিদ্র্যমুক্তি সূচকে বিশ্বে ৮২তম, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২ বা ক্ষুধামুক্তি সূচকে ৬৬তম এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-৪ বা মানসম্মত শিক্ষা সূচকে ১০১ থেকে ২০০-এর মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এছাড়া টাইমস হায়ার এডুকেশন বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ফর ইনোভেশন ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘আর্থিক প্রভাবনির্ভর প্রযুক্তি হস্তান্তর’ শ্রেণিতে বিশ্বে ২৩তম হয়েছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে কিউএস বিশ্ব বিশ্ববিদ্যালয় টেকসই র্যাঙ্কিং ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়।
এ র্যাঙ্কিংয়ে সন্তোষ প্রকাশ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির ধারাবাহিক অগ্রগতি পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। বিশেষ করে গুণগত শিক্ষাদানে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জনকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
উপাচার্য আরো বলেন, র্যাঙ্কিং শুধু অবস্থান বা স্বীকৃতির বিষয় নয়। এটি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মান আরো উন্নত করার একটি দর্পণ। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
—বিজ্ঞপ্তি