এআইইউবিতে কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলন ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন কম্পিউটিং অ্যাডভান্সমেন্ট’ (আইসিসিএ ২০২৬)। দুই দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ অক্টোবর।

সম্মেলনে দেশী-বিদেশী গবেষক, বিজ্ঞানী, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিশেষজ্ঞরা কম্পিউটিং প্রযুক্তির অগ্রগতি, সাম্প্রতিক উদ্ভাবন এবং গবেষণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং গবেষণাকর্ম উপস্থাপন করেন।

চলতি বছরের সম্মেলনে ১৭টি দেশ থেকে ৯০০টিরও বেশি গবেষণাপত্র জমা পড়েছিল। সেখান থেকে ২১৪টি গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত গবেষণাপত্রগুলোর মধ্যে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও কানাডাসহ বিভিন্ন দেশের গবেষকদের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস (আইওটি), সাইবার নিরাপত্তা, ডাটা সায়েন্স ও ব্লকচেইন প্রযুক্তিসহ কম্পিউটিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

আইসিসিএ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ইশতিয়াক আবেদীন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জেড লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সহযোগী ডিন ও সম্মেলনের জেনারেল চেয়ার প্রফেসর ড. খন্দকার তাবিন হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও সম্মেলনের প্রোগ্রাম চেয়ার প্রফেসর ড. দীপ নন্দী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক।

১৬ অক্টোবর অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ হাসান। এছাড়া এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, পরিচালক, শিক্ষক, গবেষক ও দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। সমাপনী পর্বে আয়োজক ও অংশগ্রহণকারীদের হাতে সনদ ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এ সম্মেলনের মাধ্যমে প্রযুক্তি খাতে আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ গবেষণার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছে এআইইউবি।

—বিজ্ঞপ্তি

আরও