১৮ দেশের বিশ্ববিদ্যালয়ের তথ্য নিয়ে উচ্চ শিক্ষার এআই প্লাটফর্ম ‘লাট্টু ডটএআই’

কোন দেশে যাবেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, স্কলারশিপের খোঁজ কোথায় মিলবে কিংবা কীভাবে ভিসার আবেদন করবেন—এসব নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিনিয়ত বিভ্রান্তিতে পড়েন।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, প্রতি বছর বাংলাদেশ থেকে গড়ে প্রায় ৫০ হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষার উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমান। দিন দিন এ সংখ্যা দ্রুত বাড়লেও সে অনুপাতে বাড়েনি সঠিক তথ্যপ্রবাহ। কোন দেশে যাবেন, কোন বিশ্ববিদ্যালয়ে পড়বেন, স্কলারশিপের খোঁজ কোথায় মিলবে কিংবা কীভাবে ভিসার আবেদন করবেন—এসব নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিনিয়ত বিভ্রান্তিতে পড়েন। পর্যাপ্ত ও প্রাতিষ্ঠানিক তথ্যের অভাবে অনেকেই ভুল সিদ্ধান্ত নেন কিংবা মধ্যস্বত্বভোগীদের খপ্পরে পড়ে ক্ষতির শিকার হন।

শিক্ষার্থীদের এ দ্বিধাদ্বন্দ্ব ও তথ্যের শূন্যতা দূর করতে দেশীয় প্রযুক্তি স্টার্টআপ ‘জেফার ল্যাবস’ চালু করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিনামূল্যে ব্যবহারের বিশেষ প্লাটফর্ম লাট্টু ডটএআই (Lattu.ai)। প্লাটফর্মটির স্বপ্নদ্রষ্টা মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ও ডিজনির মতো শীর্ষ আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত সফল বাংলাদেশী প্রকৌশলীরা। বিদেশে উচ্চ শিক্ষা অর্জন করতে গিয়ে তারা নিজেরা যেসব বাস্তব সমস্যার মুখোমুখি হয়েছেন, সেই অভিজ্ঞতা থেকে দেশের তরুণদের সঠিক দিকনির্দেশনা দিতেই তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন।

বাংলাদেশী শিক্ষার্থীদের চাহিদা ও বাস্তবতার নিরিখে সাজানো এ প্লাটফর্মটির মাধ্যমে এক ক্লিকেই বিশ্বের ১৮টির বেশি দেশের তিন হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়, আট শতাধিক বিষয় এবং ১০০টির বেশি আন্তর্জাতিক স্কলারশিপের তথ্য জানা যাবে। অ্যাপটিতে থাকা ‘এআই জার্নি প্ল্যানার’ শিক্ষার্থীর বাজেট ও একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, ব্যক্তিগত পরিকল্পনা তৈরি করে দেয় এবং ‘কান্ট্রি এক্সপ্লোরার’ ফিচারটি বিভিন্ন দেশের খরচ ও প্রবাস জীবনের ঝুঁকির বাস্তব তুলনা করতে সাহায্য করে। এছাড়া ‘স্কলারশিপ হাব’ থেকে মানানসই বৃত্তি খুঁজে নেয়ার পাশাপাশি ‘অ্যাপ্লিকেশন ট্র্যাকার’ দিয়ে আবেদন থেকে শুরু করে নতুন দেশে পৌঁছানো পর্যন্ত পুরো অগ্রগতি ট্র্যাক করা যায়। একই সঙ্গে ‘কমিউনিটি ফোরাম’ ও ‘নিউজ সেকশন’-এর মাধ্যমে অন্য আবেদনকারীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক ভিসা নীতির পরিবর্তনের তথ্য সহজেই পাওয়া সম্ভব।

প্লাটফর্মটির সহপ্রতিষ্ঠাতা ও মাইক্রোসফটের সাবেক সফটওয়্যার প্রকৌশলী পল্লব মাহমুদ জানান, ছাত্ররা যাতে কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই সহজে বিদেশী বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়াশোনা ও গবেষণার নিখুঁত পরিকল্পনা তৈরি করতে পারে, সে উদ্দেশ্যেই Lattu.ai-তে প্রয়োজনীয় সব তথ্যের নিরবচ্ছিন্ন সংযোগ ঘটানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা Lattu.ai-এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে সম্পূর্ণ বিনামূল্যে এ তথ্যসম্ভার ব্যবহার করতে পারবেন, যা তাদের সিদ্ধান্তহীনতার অবসান ঘটিয়ে বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে একটি নির্ভরযোগ্য পরম বন্ধু হিসেবে কাজ করবে।

আরও