যৌথভাবে নয়, এককভাবে দেশের ‘নাম্বার ওয়ান’ বিশ্ববিদ্যালয় হওয়া আমাদের মূল লক্ষ্য

অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী

উপাচার্য. নর্থ সাউথ ইউনিভার্সিটি

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দীর্ঘদিনের ঐতিহ্য ও বড় পরিসর থাকলেও আধুনিক বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের পুরো প্রক্রিয়াটি এখনো ঠিকভাবে সমন্বয় করা নেই।

বিশ্ব র‍্যাংকিংয়ে এরই মধ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) যৌথভাবে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের স্থান অর্জন করেছে। বিষয়ভিত্তিক র‍্যাংকিংয়ে এনএসইউর সায়েন্স স্কুল বিশ্বমঞ্চে ৪০০ ব্যান্ড, বিজনেস ও সোশ্যাল সায়েন্স ৫০০ ব্যান্ড এবং ইঞ্জিনিয়ারিং ৬০০ থেকে ৮০০ ব্যান্ডে অবস্থান করছে। যদিও এনএসইউ টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে ৮০০ রেঞ্জে আছে। তবে আমাদের মূল লক্ষ্য কোনো যৌথ অবস্থান নয়, বরং স্পষ্ট ব্যবধানে এককভাবে দেশের ‘নাম্বার ওয়ান’ বিশ্ববিদ্যালয় হওয়া।

সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দীর্ঘদিনের ঐতিহ্য ও বড় পরিসর থাকলেও আধুনিক বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের পুরো প্রক্রিয়াটি এখনো ঠিকভাবে সমন্বয় করা নেই। অনেক ক্ষেত্রে কেবল ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি সিস্টেম ড্রাইভেন।

আমাদের এ সাফল্যের পেছনের মূল ভিত্তিগুলো হলো ফলাফলভিত্তিক আধুনিক শিক্ষা, গবেষণায় জোর দেয়ার সঙ্গে বরাদ্দ বাড়ানো, শিল্প খাত ও শিক্ষার সঙ্গে মেলবন্ধন এবং বিশ্বের শীর্ষ সারির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা। আমরা একের পর এক আন্তর্জাতিক মানের গবেষণা সেন্টার তৈরি করছি, যার মাধ্যমে দেশী-বিদেশী বড় অঙ্কের ফান্ড আসছে। একই সঙ্গে কারিগরি ও আধুনিক প্রযুক্তিকে আমরা শিক্ষার সঙ্গে একীভূত করেছি।

আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের সাধারণ একটি ডিগ্রি দিয়ে চাকরির বাজারে ছেড়ে দেয়া নয়; বরং প্রয়োজনীয় সফট স্কিল ও আধুনিক কারিগরি দক্ষতায় তাদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা কেবল চাকরিপ্রার্থী না হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে আত্মপ্রকাশ করতে পারে। আমরা কোনো প্রতিষ্ঠানকে খাটো করার জন্য বলছি না, তবে এটিই নির্মম বাস্তবতা যে পুরনো প্রথাগত কাঠামোর বাইরে এসে একটি সুনির্দিষ্ট ও আধুনিক পদ্ধতিগত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে না পারলে বৈশ্বিক উচ্চ শিক্ষায় এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়।

আরও