টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) পরিবারের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম ও নিষ্ঠার গৌরবময় স্বীকৃতি। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই আমরা মানসম্মত শিক্ষা, প্রায়োগিক গবেষণা এবং আন্তর্জাতিক কোলাবোরেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছি।
আইইউবিএটির চারটি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম—আইইবির অধীন বিএইটিই কর্তৃক অ্যাক্রেডিটেশন লাভ করেছে। এছাড়া বিজনেস প্রোগ্রাম দুটির এসিবিএসপির আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে। বিএসসি ইন এগ্রিকালচার প্রোগ্রামের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) অ্যাক্রেডিটেশন রয়েছে। এটি প্রমাণ করে যে আমাদের একাডেমিক মান ও অবকাঠামো বিশ্বমানের। বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর অধীনে কৃষি বিজ্ঞান, নবায়নযোগ্য শক্তি, স্মার্ট প্রযুক্তি, পরিবেশ ও ব্যবসায়িক উদ্ভাবনের মতো বাস্তবমুখী ক্ষেত্রে আমাদের গবেষকরা নিরবচ্ছিন্ন কাজ করছেন। একই সঙ্গে আমাদের নিজস্ব পিয়ার রিভিউড জার্নাল ‘আইইউবিএটি রিভিউ’-এর মাধ্যমে মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ প্রকাশ করা হচ্ছে। বৈশ্বিক এ অর্জন আমাদের পথচলাকে আরো উৎসাহিত করেছে। তবে আমরা এখানেই থেমে থাকতে চাই না। আগামী দিনে গবেষণার পরিধি আরো সম্প্রসারিত করা, শিল্প খাতের সঙ্গে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি, আন্তর্জাতিক ফান্ডিং বৃদ্ধি এবং গ্র্যাজুয়েটদের বৈশ্বিকভাবে যোগ্য ও প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ চালিয়ে যাব।