তেমনই এক সফল স্বপ্নের মেলবন্ধন ঘটিয়েছেন তরুণ ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা ফাবিয়া ফারওয়া। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের এ শিক্ষার্থী নিজের মেধা ও ফ্যাশনের প্রতি তীব্র অনুরাগকে পুঁজি করে গড়ে তুলেছেন ইমপোর্টেড লেডিস ফ্যাশন ব্র্যান্ড ‘মিলিসেন্টস’ (Mllicents)।
মাত্র দেড় বছর আগের কথা। পরিবারের অনুপ্রেরণায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাধারণ অনলাইন পেজ হিসেবে যাত্রা শুরু করেছিল ‘মিলিসেন্টস’। মূল লক্ষ্য ছিল বাংলাদেশের নারীদের হাতে আধুনিক, স্টাইলিশ ও উন্নত মানের ইমপোর্টেড পোশাক তুলে দেয়া। অনলাইন বাণিজ্যের তীব্র প্রতিযোগিতা আর বিশ্ববিদ্যালয় পড়াশোনার ব্যস্ততার মধ্যেও ফাবিহা ছাড় দেননি পণ্যের গুণগত মান ও গ্রাহকসেবায়। আর সেই নিষ্ঠাই আজ তাকে এনে দিয়েছে ঈর্ষণীয় সাফল্য।
কাজের প্রতি একাগ্রতা এবং ট্রেন্ডি কালেকশনের কারণে খুব দ্রুতই ফ্যাশন সচেতন নারীদের আস্থা অর্জন করে মিলিসেন্টস। দিন দিন বাড়তে থাকে গ্রাহকের চাহিদা। সেই সুবাদেই অনলাইন পেজ থেকে ব্র্যান্ডটির রূপান্তর ঘটে একটি পূর্ণাঙ্গ ফ্যাশন হাউজে। বর্তমানে অনলাইন সুবিধার পাশাপাশি মিলিসেন্টসের রয়েছে নিজস্ব ফিজিক্যাল ফ্যাশন হাউজ ও করপোরেট অফিস, যা ফাবিয়ার উদ্যোক্তা জীবনের অন্যতম বড় অর্জন।
নিজের পথচলা নিয়ে উদ্যোক্তা ফাবিয়া ফারওয়া বলেন, ‘কঠিন সংকল্প, ধারাবাহিকতা এবং ফ্যাশনের প্রতি সত্যিকারের ভালোবাসাই আমার আজকের এ অবস্থানের মূল ভিত্তি। কেবল পোশাক বিক্রি নয়, প্রতিটি নারীর কাছে সঠিক ফিনিশিং ও কোয়ালিটির আউটফিট পৌঁছে দেয়াটাই ছিল আমার বড় চ্যালেঞ্জ।’
মিলিসেন্টসকে নিয়ে ফাবিয়ার স্বপ্ন অনেক দূর বিস্তৃত। আগামী দিনে ব্র্যান্ডটিকে বাংলাদেশের শীর্ষস্থানীয় নারী ফ্যাশন ব্র্যান্ডগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তিনি। যার জন্য প্রিমিয়াম ইমপোর্টেড কালেকশন আনা এবং গ্রাহক আস্থা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
একজন শিক্ষার্থী হয়েও তিনি পড়াশোনার পাশাপাশি সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন। ফাবিয়া আশা প্রকাশ করেন, তার এ সাফল্যগাথা দেশের আরো অনেক শিক্ষার্থী ও উদীয়মান নারী উদ্যোক্তাকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্য অর্জনে উৎসাহিত করবে।