আজকের দিনে শিক্ষা মানে এমন জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গি অর্জন, যা একজনকে আত্মনির্ভর, সৃজনশীল ও যেকোনো পরিস্থিতিতে অভিযোজনশীল করে তুলতে পারে। এ প্রেক্ষাপটে ‘পেশাগত শিক্ষা’ ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এটি মূলত এমন এক শিক্ষাপদ্ধতি, যেখানে শিক্ষার্থীরা তাদের আগ্রহ, দক্ষতা ও মূল্যবোধ অনুযায়ী উপযুক্ত কর্মক্ষেত্র বেছে নেয়ার প্রয়োজনীয় প্রস্তুতি লাভ করে। এটি শুধু নির্দিষ্ট পেশার কারিগরি দক্ষতাই দেয় না, বরং আত্মবিশ্বাস, সমস্যা সমাধান, দলগত কাজের সক্ষমতা এবং কর্মক্ষেত্রের নীতি-নৈতিকতা সম্পর্কেও সুস্পষ্ট ধারণা তৈরি করে।
বাংলাদেশসহ বহু দেশে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শেষ করার পর শিক্ষার্থীরা প্রায়ই ক্যারিয়ার নিয়ে দ্বিধাগ্রস্ততায় পড়ে। পেশাগত শিক্ষা শিক্ষার্থীদের নিজস্ব মেধা ও আগ্রহ চিহ্নিত করে সঠিক পথে এগোতে সাহায্য করে, যা সময় ও অর্থের অপচয় রোধ করে। পরিসংখ্যান অনুযায়ী, আমাদের দেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যা ক্রমবর্ধমান, যার একটি বড় কারণ হলো প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে শ্রমবাজারের চাহিদার অসামঞ্জস্যতা। পেশাগত শিক্ষা সরাসরি বাস্তবভিত্তিক দক্ষতা প্রদান করে এ শূন্যতা পূরণ করে। এটি প্রযুক্তি ব্যবহারে দক্ষতা, ভাষাজ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও নেতৃত্বগুণের বিকাশ ঘটায়। পাশাপাশি ব্যবসায়িক পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা ও বিপণন কৌশল শেখানোর মাধ্যমে তরুণদের চাকরির পেছনে না ছুটে নতুন উদ্যোক্তা হতেও অনুপ্রাণিত করে।
শিক্ষার্থীদের জীবনে পেশাগত শিক্ষার ইতিবাচক প্রভাব সুদূরপ্রসারী। যখন একজন শিক্ষার্থী নিজের দক্ষতা সম্পর্কে নিশ্চিত থাকে, তখন তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে বাস্তব কর্মক্ষেত্রে খাপ খাওয়ানো তার জন্য সহজ হয়ে ওঠে। তবে শিক্ষা ব্যবস্থায় এটি কার্যকরভাবে অন্তর্ভুক্ত করতে হলে বিদ্যালয় পর্যায় থেকেই ক্যারিয়ার কাউন্সেলিং চালু করা প্রয়োজন। পাশাপাশি কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষার প্রসারে তত্ত্বের চেয়ে ব্যবহারিক প্রশিক্ষণ, ইন্টার্নশিপ ও শিল্পভিত্তিক প্রকল্পকে প্রাধান্য দিতে হবে। এ প্রক্রিয়া সফল করতে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং সরকারি-বেসরকারি খাতের যৌথ উদ্যোগ ও অংশীদারত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
বিশ্বের অনেক উন্নত দেশেই পেশাগত শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়। যেমন জার্মানিতে মাধ্যমিক শিক্ষার পর থেকেই শিক্ষার্থীরা নির্দিষ্ট পেশার জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেয়া শুরু করে, যা তাদের দ্রুত কর্মজীবনে প্রবেশের সুযোগ দেয়। বিশেষ করে চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, ডেটা সায়েন্স ও সাইবার নিরাপত্তার মতো উদীয়মান প্রযুক্তি খাপ খাইয়ে নিতে পেশাগত শিক্ষার বিকল্প নেই। যদিও বাংলাদেশে এখনো সামাজিক মানসিকতা, পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্রের অভাব এবং শিল্প-শিক্ষার দুর্বল সংযোগের মতো কিছু চ্যালেঞ্জ রয়েছে, তবুও সচেতনতামূলক প্রচারণা ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এগুলো সমাধান সম্ভব। পরিশেষে পেশাগত শিক্ষা কেবল ব্যক্তিগত চাকরির নিশ্চয়তা নয়, বরং দেশের প্রতিটি নাগরিককে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে জাতীয় সমৃদ্ধি অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার।
লেখক: উপপরিচালক, গ্র্যাজুয়েট স্টাডিজ, রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রি রিলেশনস, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)