স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরা হলো না গৃহবধূ জাহানারার। আজ সকালে যশোর-ঢাকা মহাসড়কে নড়াইল সদরের আউড়িয়া বাদশার গ্যারজ এলাকায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন তিনি।
এসময় অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেনও নিহত হন। আহত হন অ্যাম্বুলেন্স যাত্রী জাহানারার পরিবারের আরো পাঁচ সদস্য।
সড়ক দুর্ঘটনার ঘটনাটি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।
তিনি জানান, ঢাকা রাজারবাগ পুলিশ লাইন থেকে স্বামী সাব ইন্সপেক্টর ইসমাইল হোসেনের মরদেহ নিয়ে জাহানারা ও তার পরিবারের অন্য সদস্যরা যশোরে নিজেদের বাড়ি ফিরছিলেন। পথে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্স দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই জাহানারা ও চালক আকবর নিহত হন।
এ ঘটনায় আহত পাঁচজনকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়।