লালমনিরহাট সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করল বিজিবি

আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তে এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে গরু পাচারকারীকে ধাওয়া করতে গিয়ে ওই সদস্য বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েন।

আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ। তিনি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার ১৭৪ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোররাত সাড়ে ৪টার দিকে আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা দিয়ে এক গরু পাচারকারীকে ধাওয়া করছিলেন বেদ প্রকাশ। একপর্যায়ে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে ঢুকে পড়েন। বিষয়টি টের পেয়ে বিজিবির ৫১ ব্যাটালিয়নের আঙ্গরপোতা ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে।

দহগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘন কুয়াশার কারণে ওই বিএসএফ সদস্য গরু পাচারকারীকে ধাওয়া করতে করতে ভুল করে বাংলাদেশের ভেতরে প্রবেশ করেন। বিজিবির টহল দল তাকে একটি শর্টগান ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে। বর্তমানে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান, বিএসএফ সদস্য আটকের ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পরিচালক পর্যায়ে টেলিফোনে আলোচনা হয়েছে। সমস্যাটি সমাধানে তিনবিঘা করিডোরে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পতাকা বৈঠকের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে ওই বিএসএফ সদস্যকে ভারতে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।

আরও