বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়ন শাখা কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে তরণী হাটের ইছামতী নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ৩টায় নৌকাবাইচ দেখতে নদীর উভয় পাড়ে হাজারো মানুষের ঢল নামে। নৌকাবাইচ ঘিরে এলাকায় মেলা বসে যায়।
বাইচে জেলার গাবতলী, শাজাহানপুর, ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ১৪টি নৌকা অংশ নেয়। পরে বালিয়াদীঘি ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি শাহ নেওয়াজ জাকির সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এ সময় বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বিশিষ্ট সমাজসেবক জোবায়দা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম, গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদৎ আলম ঝুনু, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, বালিয়াদীঘি ইউনিয়ন চেয়ারম্যান ইউনুস আলী ফকির প্রমুখ উপস্থিত ছিলেন। পুরস্কার হিসেবে প্রথম স্থান অর্জনকারী দলকে একটি বড় ষাঁড়, দ্বিতীয় স্থান অর্জনকারী দলকে একটি ছোট গরু, তৃতীয় স্থান অর্জনকারী দলকে একটি বড় খাসি ও চতুর্থ স্থান অর্জনকারী দলকে একটি ছোট খাসি দেয়া হয়েছে।