পরবর্তী সময় আরো কয়েকদিন এক লেনে যান চলাচল করবে বলেও জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এতে ঈদের ফিরতি যাত্রায় কিছুটা দুর্ভোগের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন-সংশ্লিষ্টরা।
তবে সড়ক বিভাগ বলছে, এবার ঈদে লম্বা ছুটি রয়েছে। ঈদ-পরবর্তী মানুষের চাপ কম থাকে এবং ভারি যানবাহন বন্ধ থাকে। সেজন্যই মেরামতের জন্য এ সময় নির্ধারণ করা হয়েছে।
সড়ক বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর সেতুর মেরামতকাজ আগামী ২২-৩০ মার্চ পর্যন্ত চলবে। এর মধ্যে ২২-২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে এবং ২৬-৩০ মার্চ পর্যন্ত এক লেনে যান চলাচল করবে।
সড়ক ও জনপথ বিভাগ ফেনী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা বলেন, ‘২০২৪ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই দ্রুত মেরামত করা প্রয়োজন। এক লেন দিয়ে যান চলাচল অব্যাহত থাকায় সাময়িক কিছু চাপ থাকলেও বড় ধরনের সমস্যা হওয়ার শঙ্কা নেই।’