জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে সরকার যদি নির্বাচনের দিকে অগ্রসর হয়, তবে তা বাংলাদেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত গণতন্ত্রের রূপান্তর ঘটাতে সক্ষম হবে না। বৃহস্পতিবার (২১ আগস্ট) রংপুরের হারাগাছে এক পথসভায় এ কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন বিভাগের সংস্কারগুলো বাস্তবায়নের দিকেই আমাদের মনযোগ দেয়া প্রয়োজন। আমরা বারবার বলেছি, সরকার যে নির্বাচনের কথা বলছে, তা যেকোনো সময় আয়োজন করতে পারে। কিন্তু তার আগে সরকারের অবশ্যই পালনীয় কর্তব্য রয়েছে। সংস্কারগুলোকে বাস্তবায়ন করা, বিচার বিভাগকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করে একটি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। এ জায়গাগুলোতে সরকার যত দ্রুত কাজ করতে পারবে, তত দ্রুত নির্বাচনের দিকে অগ্রসর হতে পারবে।
তিনি বলেন, যেহেতু বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতা রয়েছে, সে জায়গা থেকে আমরা অনেক আগেই থেকেই গণপরিষদ নির্বাচনের দাবি করে এসেছি। সরকার যেকোনো সময় গণপরিষদ নির্বাচনের আয়োজন করতে পারে। আমরা সরকারের কাছে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছি এবং অনেকেই শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের কথা বলেছেন। এ বিষয়গুলো নিয়ে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে।
এনসিপির সদস্য সচিব বলেন, বাংলাদেশে যে নির্বাচনের কথা বলা হয়েছে তার আগে বিচার বিভাগ দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা আমাদের কর্মসূচির অংশ এবং আমরা মনে করি, এ জায়গায় এখন জাতির দৃষ্টি রয়েছে। বাংলাদেশের সংস্কারগুলো আসলে কতটুকু বাস্তবায়ন হলো সেই বিষয়গুলোতে আমরা দৃষ্টি রেখেছি। আমরা চাই, সরকার আগে সংস্কারগুলোকে বাস্তবায়ন করে বিচার বিভাগকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করুক। এরপরই নির্বাচনমুখী রাজনীতিতে আমরা অন্তর্ভুক্ত হতে চাই।
তিনি আরো বলেন, আমরা সারা দেশে আমাদের বার্তা ছড়িয়ে দিতে শুরু করেছি। আমাদের সংগঠন খুব অল্প সময়েই সারা দেশে বিস্তৃতি লাভ করতে সক্ষম হয়েছে। আমরা আশাবাদী, সামনের দিনে যেকোনো গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে পারব।
এ সময় রংপুর মহানগর এনসিপি’র যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়নসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।