থমথমে শাবিপ্রবি, বন্ধ ঘোষণার পরও আন্দোলনে শিক্ষার্থীরা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পরও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল থেকে ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিল করেন তারা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা মতে অনেক শিক্ষার্থীকে সকালে হল ছেড়ে যেতে দেখা গেছে। বর্তমানে থমথমে অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এদিন বিকাল সাড়ে ৫টায় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও শিক্ষকরা তাকে মুক্ত করতে গেলে সংঘর্ষ হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষের পর জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। আজ সোমবার দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়। তবে কিছু কিছু শিক্ষার্থী হল ছেড়ে গেলেও এখনো বিপুল সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে রয়েছেন। তারা ক্যাম্পাসে পুলিশ প্রবেশ ও শিক্ষার্থীদের ওপর গুলিসহ নানা অভিযোগে আন্দোলন অব্যাহত রেখেছেন। অন্যদিকে গতকালের সংঘর্ষের পর ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে মুক্ত করে ভিসির বাসভবনে পৌছে দেয় পুলিশ। তার বাসভবনের সামনে এখনো বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন রয়েছে। 

এই ঘটনার জেরে রোববার রাতে বেগম সিরাজুননেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার জায়গায় নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।

বর্তমান পরিস্থিতির বিষয়ে সিলেট মেট্টোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা অনেকেই হল ছাড়ছেন। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে পুলিশ রয়েছে।

আরও