বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় কক্সবাজারের কুতুবদিয়ার একটি মাছ ধরার ট্রলার ডুবে পাঁচ জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলারে থাকা অপর সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কুতুবদিয়া উপজেলার দক্ষিণ অমজাখালী এলাকার শামসুল আলমের ছেলে নাছির উদ্দীন (২০), পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাগপাড়া এলাকার নাছির উদ্দীন (২১), একই এলাকার আবুল কাশেমের ছেলে মো. করিম (২১), আব্দুল মাবুদের ছেলে আইয়ুব মনির (২০) এবং কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল হায়দারপাড়া এলাকার কামাল (৪৮)।
কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, স্থানীয় নুরুল আবছারের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার রোববার সন্ধ্যায় ১২ জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। সোমবার ভোরে বৈরী আবহাওয়ার মধ্যে ট্রলারটি ডুবে যায়।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর ট্রলারে থাকা সাত জেলে বিভিন্নভাবে জীবিত উদ্ধার হতে সক্ষম হলেও পাঁচ জেলে নিখোঁজ ছিলেন। পরে সোমবার সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।