গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের সংখ্যা বেড়ে ১৩টিতে দাঁড়িয়েছে। সম্প্রতি পার্কের কোর সাফারিতে জন্ম নিয়েছে চারটি নতুন শাবক। প্রায় দেড় মাস ধরে মায়ের সঙ্গে বনের বিভিন্ন অংশে ঘুরে বেড়াচ্ছে তারা। শাবকগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিচর্যা ও নজরদারির ব্যবস্থা করেছে পার্ক কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানায় পার্ক কর্তৃপক্ষ। তারা জানিয়েছেন, পার্কের হরিণ সাফারি এলাকায় নীলগাইয়ের বিচরণস্থলে দেখা মিলছে নতুন শাবকগুলোর। দিনের বেশির ভাগ সময় মায়ের কাছাকাছি থাকে তারা। গাছের ছায়ায় বিশ্রাম নেয়ার সময়ও মা নীলগাইকে সতর্ক অবস্থানে দেখা যায়। মানুষের উপস্থিতি কিংবা কোনো শব্দ টের পেলেই শাবকদের নিয়ে দ্রুত বনের গভীরে চলে যায় মা নীলগাই।
পার্ক কর্তৃপক্ষ আরো জানিয়েছে, শাবকগুলোর বয়স আনুমানিক দেড় মাস। এ সময়ে তাদের স্বাভাবিক চলাফেরা ও বেড়ে ওঠা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেয়া হচ্ছে। এখনো শাবকগুলোর লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। নিরাপত্তার কথা বিবেচনা করে সেগুলোর কাছাকাছি গিয়ে পরীক্ষা করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান বলেন, প্রায় দেড় মাস আগে হরিণ সাফারিতে নীলগাইয়ের সঙ্গে চারটি নতুন শাবককে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপর থেকেই শাবকগুলোর প্রতি বিশেষ নজর রাখা হচ্ছে। সার্বক্ষণিক দেখভালের জন্য হরিণ সাফারিতে একজন কর্মীকে দায়িত্ব দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বিভিন্ন সময়ে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা নীলগাই গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। পরে পার্কেই কয়েকটি শাবকের জন্ম হয়। সর্বশেষ পার্কে ১১টি নীলগাই ছিল। এর মধ্যে দুটি কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। নতুন চারটি শাবক জন্ম নেয়ায় বর্তমানে গাজীপুর সাফারি পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।