লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভের চেষ্টা, সংঘর্ষে ওসিসহ আহত-১০

লক্ষ্মীপুরে পৌর শহরে ১৪৪ ধারা উপেক্ষা করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইর্টাসের নেতা-কর্মীরা। আজ রোববার বিকাল ৫টায় শহরের চকবাজার এলাকায় বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও ছাত্রদল-সমর্থিত জুলাই ফাইর্টাসের নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০জন আহত হয়েছে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাইফুল ইসলাম মুরাদসহ দুজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী নেতা হাবিবুর রহমান ফাহিম ও জুলাই ফাইটার্সের নেতা আকবর হোসেন মুন্নার মধ্যে বাক-বিতন্ডা হয়। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এতে হাবিবুর রহমান ফাহিম আহত হন।

রোববার বিকালে উভয় পক্ষের নেতাকর্মীরা চকবাজার মসজিদের সামনে বিক্ষোভের ডাক দেয়। তবে পৌর এলাকার উপজেলা প্রশাসন নিরাপত্তার জন্য বিকাল সাড়ে ৪টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা এ নির্দেশনা জারি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের সঙ্গে জুলাই ফাইটার্সের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকটি দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায় এবং সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। সংঘর্ষের সময় দায়িত্ব পালন করতে গিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ আহত হয়েছেন। ত্রিমুখী সংঘর্ষে উভয়ের অন্তত ১০জন আহত হয়। পরে আহত অবস্থায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজসহ আহত অন্যদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, বৈষম্যবিরোধী নেতা-কর্মীরা ১৪৪ ধারা ভঙ্গ করেছে। পুলিশ বাধা দিলে তাদের ওপর হামলা চালায়। এতে সদর থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও