চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) যাত্রা শুরু করেছে সিআইইউ এআই সেন্টার। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তি শিক্ষায় নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য নিয়ে এ কেন্দ্রটি চালু করা হয়েছে।
অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে মাধ্যমে যুক্ত ছিলেন প্রধান অতিথি মিলিয়নএক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা কাউন্সিল সদস্য ও নোটোমেশনের প্রতিষ্ঠাতা ও সিইও ড. জুনায়েদ কাজী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক। অনলাইনে যুক্ত ছিলেন সম্মানিত অতিথি মিলিয়নএক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা কাউন্সিল সদস্য ও বিডিওএসএনের সভাপতি মুনীর হাসান।
বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এখন শুধু প্রযুক্তি নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, শিল্প ও অর্থনীতির রূপান্তরের অন্যতম চালিকাশক্তি। সিআইইউ এআই সেন্টার শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী চিন্তা ও বাস্তব দক্ষতা অর্জনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. আসিফ ইকবাল। সঞ্চালনা করেন সহকারী রেজিস্ট্রার রুমা দাশ। এ সময় সেন্টারের কার্যক্রম, গবেষণা পরিকল্পনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেন্টারের পরিচালক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাজ্জাতুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার। তিনি বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতায় গড়ে তুলতে সিআইইউ প্রতিশ্রুতিবদ্ধ। সিআইইউএআই সেন্টার ভবিষ্যৎ প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে বলে আমরা আশাবাদী।
এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা ছিলেন।