নির্বাচনী ইশতেহারে গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সুস্পষ্ট করার দাবি জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। আজ শনিবার (৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
বদিউল আলম মজুমদার বলেন, কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে দলগুলো 'হ্যা' নাকি 'না' ভোটের পক্ষে, তা নাগরিকদের স্পষ্টভাবে জানানো উচিত। জুলাই জাতীয় সনদে দলগুলোর অঙ্গীকার থাকলেও ইশতেহারে এর প্রতিফলন দেখতে চান তিনি।
আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশা প্রকাশ করে বদিউল আলম মজুমদার বলেন, শুধু একটি গ্রহণযোগ্য নির্বাচনই যথেষ্ট নয়। বরং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেয়া জরুরি। প্রতিবার যাতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়, সেজন্যই কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব দেন তিনি। এসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট অবস্থান জানার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।
বদিউল আলম মজুমদার রাজনৈতিক দলগুলোকে আইন, আরপিও ও সংবিধান মেনে চলার আহ্বান জানান। তিনি মনে করেন, দলগুলো নিজেরা গণতান্ত্রিক না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে কিছু প্রস্তাব দেয়া হলেও সেগুলো আইনে অন্তর্ভুক্ত না হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে দলগুলো আইন মানার বিষয়ে কঠোর অঙ্গীকার করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
নির্বাচনী ইশতেহারকে ভোটারদের সঙ্গে দলগুলোর একটি অলিখিত চুক্তি হিসেবে অভিহিত করেন বদিউল আলম মজুমদার। তার দাবি, কোনো দল যদি তাদের ইশতেহার অমান্য করে, তবে নাগরিকদের আদালতে যাওয়ার সুযোগ থাকা উচিত। ইশতেহার কতটুকু বাস্তবায়িত হয়েছে, সে বিষয়ে দলগুলোকে প্রশ্ন করার অধিকার মানুষের থাকা দরকার বলে তিনি মন্তব্য করেন।