প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত মিশনপ্রধান বাইবা জারিনা এবং জার্মানির ভারপ্রাপ্ত মিশনপ্রধান আনজা কারস্টেন। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় অংশীদারদের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য খাতে সহযোগিতা আরো গভীর ও বহুমাত্রিক করার ওপর গুরুত্ব দেয়া হয়।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক আস্থা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে ইউরোপীয় কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব আরো সম্প্রসারণে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।