গাজীপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সোমবার সকালে ও দুপুরে মহানগরীর পুবাইল থানা ও সদর থানার সালনা এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

গাজীপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মোট চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে মহানগরীর পুবাইল থানা ও সদর থানার সালনা এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে।

জিএমপির পুবাইল থানার ওসি এস এম আমিরুল ইসলাম জানান, দুপুরে তালটিয়া পূর্বপাড়ার মানিক মিয়ার ছেলে শান্ত (১৫) ও বাথানবাড়ীর জামান মিয়ার ছেলে লিখন (২১) একটি মোটরসাইকেলে করে ভুলতার দিকে যাচ্ছিল। পথে সমরসিং এলাকার হাবিব পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই দুজন মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, জিএমপির সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সিদ্দিক হোসেন জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতদিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাচালক দক্ষিণ সালনার এমদাদুল হক (৪০) ও যাত্রী জামালপুরের সরিষাবাড়ির মাধবী প্রসাদ (৪২) নিহত হন।

এ দুর্ঘটনায় আহত অন্তত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং গাড়ি দুটো জব্দ করে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও