চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী ইসলামপুর এলাকা থেকে ৯টি অবৈধ স্বর্ণের বারসহ একজন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের মোট ওজন ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকা।
রোববার (২২ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণ বহন করছিলেন বলে জানিয়েছে বিজিবি।
চুয়াডাঙ্গা ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গয়েশপুর বিওপির হাবিলদার শিশিরের নেতৃত্বে বিজিবির একটি টহল দল রাত ৮টার দিকে জীবননগর উপজেলার ইসলামপুর পিচ মোড় এলাকায় অবস্থান নেয়। সীমান্ত পিলার ৬৯/২-এস থেকে বাংলাদেশের দেড় কিলোমিটার ভেতরে এই অভিযান চালানো হয়।
এ সময় সাইকেল চালিয়ে আসা একজনকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ১৬৬ দশমিক ২০ গ্রাম ওজনের ছোট-বড় ৯টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক ব্যক্তির নাম মমিন। তিনি জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা ও তেঁতুল মণ্ডলের ছেলে।
বিজিবি জানিয়েছে, উদ্ধার স্বর্ণের বাজারমূল্য অনুমানিক ১ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ১০৮ টাকা। স্বর্ণগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন মমিন। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি বাইসাইকেলও জব্দ করা হয়েছে।
আটকের পর মমিনকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ স্বর্ণ পাচার রোধে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।