চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মৎস্য সমিতির ৪২ একর জমি বেদখল হয়েছে। এ অভিযোগ উঠেছে জোরারগঞ্জ থানাধীন ওসমানপুর
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহ আলমের বিরুদ্ধে। সমাধান চেয়ে ৫ অক্টোবর জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন বাঁশখালী মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি এটিএম মোস্তাফিজুর রহমান।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২৮ আগস্ট মুহুরী প্রজেক্ট এলাকায় চিংড়ি ও অন্যান্য মাছ চাষের জন্য চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক থেকে ১০৭ একর জমি ইজারা নেয় মিরসরাই মুক্তিযোদ্ধা মৎস্য সমিতি। ২০১৪ সালের ২৮ আগস্ট মিরসরাই মুক্তিযোদ্ধা মৎস্য সমিতির সভাপতি নুরুল আনোয়ার চৌধুরীর কাছ থেকে সাড়ে ৫৩ একর জমি ইজারা নেয় বাঁশখালী মৎস্য সমবায় সমিতি লিমিটেড। এই জমি নিয়ে ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলমের সঙ্গে মৎস্য চাষের জন্য দিঘি খনন করতে চুক্তি করা হয়। চুক্তিতে উল্লেখ করা হয় আওয়ামী লীগ নেতা শাহ আলম দিঘি খনন করে সাড়ে ৫৩ একরের অর্ধেক অংশে মাছ চাষ করবেন। বাকি অর্ধেক বাঁশখালী মৎস্য চাষী সমিতিকে দেয়া হবে। এছাড়া জমির পূর্ব পাশে শাহ আলম অবস্থান করবেন। পশ্চিম অংশে সড়কের পাশে বাঁশখালী মৎস্যচাষী সমবায় সমিতিকে বুঝিয়ে দেয়া হবে। কিন্তু চুক্তি অমান্য করে দলীয় প্রভাব খাটিয়ে আওয়ামী লীগ নেতা শাহ আলম পশ্চিম পাশের দখল নেন। শুধু তাই নয় তার সাড়ে ২৬ একরের বাইরে আরো ১৬ একর জমির বেশি দখল করে রেখেছেন বলে সমিতির সদস্যরা অভিযোগ করেন। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে বাঁশখালী মৎস্যচাষী সমবায় সমিতির পক্ষ থেকে ২০১৯ সালে ১৯ আগস্ট ও ২০২০ সালের ৭ এপ্রিল একাধিকবার শাহ আলমকে চিঠি দেয়া হলেও তিনি কোনো জবাব দেননি।
জানতে চাইলে বাঁশখালী মৎস্যচাষী সমবায় সমিতি লিমিডেটের সভাপতি এটিএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘গত নয় বছর আওয়ামী লীগ নেতা শাহ আলম আমাদের জমি দখল করে মৎস্য চাষ করছেন। আমরা প্রতিবাদ করলে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের হুমকি প্রদান করত। নিরীহ মৎস্যচাষীরা ভয়ে কিছু বলতেন না। আমরা নিরীহ মৎস্যচাষী আমাদের জমি ফেরত চাই।’
এ বিষয়ে জানতে ওসমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলমের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
জোরারগঞ্জ থানার পরিদর্শক এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘বাঁশখালী মৎস্যচাষী সমবায় সমিতির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। যদিও জায়গাজমির বিষয়গুলো আদালত দেখে। তবু আমরা প্রাথমিকভাবে সমাধান করার চেষ্টা করব।’