নির্বাচন চাই, তবে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার আগে প্রয়োজন: সারজিস আলম

সারজিস বলেন, বিদেশের মাটিতে তাকে হেনস্তা করা হয়েছে। তাসনিম জারা ও ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি। বিদেশ সফরটি সঠিকভাবে সাজানো হয়নি। সবাইকে একই প্রটোকলে নেয়া উচিত ছিল। এটি সরকারের দুর্বলতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি। সরকারের ইচ্ছা থাকলে এ বিষয়ে বিচার হতে পারে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তার দল নির্বাচনের পক্ষে। তবে এর আগে দেশে ঘটে যাওয়া গণহত্যার দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত মৌলিক সংস্কার ও গণপরিষদের মাধ্যমে নির্বাচনের দাবি থেকে দেশের মানুষ সরবে না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে সুনামগঞ্জ শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, বাহিনীর হাতে হাজারো মানুষ খুন হয়েছেন। মাথায় গুলি করে হত্যা করার পর উল্লাস করেছে তারা। এসব ঘটনার বিচার এখনো হয়নি। বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর ২০-৩০ জনের বিচারের দাবি জানাই। বিচার না হলে মানুষ কোনো নির্বাচনের পথে যাবে না।

তিনি আরো বলেন, ভারতের আশীর্বাদ নিয়ে বাংলাদেশে আর কেউ ক্ষমতায় আসতে পারবে না। একইসঙ্গে আওয়ামী লীগও আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।

তিনি বলেন, আমরা নির্বাচন চাই। তবে তা জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। গণপরিষদ ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি এসে সংবিধান সংশোধন করবে।

এনসিপি নেতা আখতার হোসেন প্রসঙ্গে সারজিস বলেন, বিদেশের মাটিতে তাকে হেনস্তা করা হয়েছে। তাসনিম জারা ও ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়েছে। আমরা প্রতিবাদ জানিয়েছি। বিদেশ সফরটি সঠিকভাবে সাজানো হয়নি। সবাইকে একই প্রটোকলে নেয়া উচিত ছিল। এটি সরকারের দুর্বলতা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি। সরকারের ইচ্ছা থাকলে এ বিষয়ে বিচার হতে পারে।

এনসিপি ও গণপরিষদ প্রসঙ্গে তিনি বলেন, গণঅধিকার পরিষদ কোটা আন্দোলন থেকে গড়ে ওঠা সংগঠন। আমাদের চিন্তা ও আদর্শ এক। তাদের সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে। এখনো সিদ্ধান্ত হয়নি। তবে সম্মানজনক সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করছি।

শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস বলেন, এনসিপি নিয়ম মেনে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে। প্রতীক হিসেবে শাপলা চেয়েছে। কমিশন বলছে, শাপলা তালিকায় নেই। কিন্তু ধানের শীষ, তারকা প্রতীক যখন অন্য দল পেয়েছে, তখন শাপলা প্রতীকও আমাদের দিতে হবে। ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হলে রাজপথে নামতে বাধ্য হব।

সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব ও অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস, জেলা যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোহাম্মদ নাসিমসহ আরো অনেকে।

আরও