ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেটে দুই অধ্যাপক ও একজন প্রথিতযশা ব্যক্তিকে সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় তাদের দুই বছরের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মনোনীত তিন সদস্যের নাম ও পরিচয় জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৬-এর ২৪(১)(ঘ) ও ২৪(৩) ধারা অনুযায়ী বিশিষ্ট অধ্যাপক ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানাকে মনোনয়ন দেয়া হয়েছে।
এ ছাড়া একই আইনের ২৪(১)(ঙ) ও ২৪(৩) ধারা অনুযায়ী প্রথিতযশা ব্যক্তি ক্যাটাগরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরিন ইসলাম খানকে সিন্ডিকেট সদস্য করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুই বছরের জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হলো। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য ও রেজিস্ট্রারকে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।