চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে ‘মুখোশ মিছিল’ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনের অষ্টম দিনের কর্মসূচির অংশ হিসেবে গতকাল দুপুরে এ মিছিল করেন তারা।
এদিন বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে শিক্ষার্থীরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের ছবি ছাপানো কাগজের মুখোশ পরে অংশ নেন। এ সময় তারা নিজেদের পরিচয়পত্রও উঁচিয়ে ধরেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রসংলগ্ন সড়ক হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিল চলাকালে শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে, সায়েম স্যার, সায়েম স্যার’, ‘একটি নাম, একটি সুর-সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ এসব স্লোগান দেন।
চুয়েট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সমিতির অবস্থান কর্মসূচিও গতকাল তৃতীয় দিনের মতো অব্যাহত ছিল। সমিতির পক্ষ থেকে বলা হয়, আগে ফাঁস হওয়া একটি অডিওর খণ্ডিত অংশ প্রচার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে তারা বিবৃতি দিয়েছেন বলেও জানানো হয়।
সমিতির নেতারা জানান, সাধারণ সভার কথোপকথন অনুমতি ছাড়া ফাঁস করা অনৈতিক ও গর্হিত কাজ। তারা প্রকৃত ঘটনা তুলে ধরে অডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট প্রকাশের দাবি জানিয়েছেন।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আহসানউল্লাহ বলেন, ‘আমরা সরকারের বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, যেন দ্রুত এ সমস্যার সমাধান হয়।’