ব্লাস্টের মতবিনিময় সভায় বক্তারা

ধর্ষণ মামলায় দ্রুত রায় মানেই ন্যায়বিচার নয়

ধর্ষণ মামলার বিচার দ্রুত শেষ করার প্রবণতা ন্যায়বিচারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছেন আইন বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা। তারা বলছেন, দ্রুত বিচারের চেয়ে সুষ্ঠু তদন্ত, সাক্ষী সুরক্ষা ও ন্যায্যবিচার নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।

গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘ধর্ষণ ও নির্যাতন: আইনগত সুরক্ষায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে আসে। ‘ধর্ষণ আইন সংস্কার জোট’-এর ব্যানারে সভার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, ‘বিচার তাড়াতাড়ি করতে পারলে ভালো অবশ্যই। তবে সঠিক তদন্তকে বাদ দিয়ে নয়।’

আইন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি জিনাত আরা ধর্ষণ মামলায় ভুক্তভোগীর চরিত্র নিয়ে অপ্রাসঙ্গিক প্রশ্ন না তোলার ওপরও গুরুত্বারোপ করেন।

সভায় স্বাগত বক্তব্যে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন বলেন, ‘একেকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটলে সবার বিবেকে নাড়া দেয়। কিন্তু প্রত্যেক ঘটনাকে চাঞ্চল্যকর করা সম্ভব না এবং চাঞ্চল্যকর ঘটনা না হলে বিচার পাবে না এটাও হতে পারে না।’

সভায় আলোচক ছিলেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপপুলিশ কমিশনার লিজা বেগম, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এসএম শাহজাহান, কাজী জাহেদ ইকবাল, বাংলাদেশ মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম প্রমুখ।

আরও