কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড

তারা জীবিত নাকি মৃত নিশ্চিত হতে পারিনি— যশোরের একই পরিবারের চারজন নিখোঁজ

নাহিদুর রাজধানীর শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। পরিবার নিয়ে তিনি শেওড়াপাড়ায় বসবাস করতেন। অগ্নিকাণ্ডের পর নাহিদুরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন পরিবারের সদস্য ও সহকর্মীরা। তবে গতকাল রাত ১২টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে সেখানে থাকা একই পরিবারের চার সদস্য নিখোঁজ রয়েছেন। তারা হলেন যশোরের মনিরামপুর পৌরসভার মোহনপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে নাহিদুর রহমান (৪১), তার স্ত্রী আফসানা মতিন তানজি (৩৬) এবং তাদের দুই শিশুসন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।

নাহিদুর রাজধানীর শ্যামলীতে গ্র্যান্ড পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। পরিবার নিয়ে তিনি শেওড়াপাড়ায় বসবাস করতেন। অগ্নিকাণ্ডের পর নাহিদুরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে স্বজনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের খোঁজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছেন পরিবারের সদস্য ও সহকর্মীরা। তবে গতকাল রাত ১২টা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

নাহিদুরের বড়ভাই জাহিদুর রহমান প্রিন্স মনিরামপুর পৌরশহরের বাসিন্দা। ভাইয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে এই প্রতিবেদককে কক্সবাজারের হোটেল বুকিংয়ের ছবি হোয়াটসঅ্যাপে পাঠান তিনি। বিলের কপিতে দেখা যায়, নাহিদুর ১৬-১৮ অক্টোবর পর্যন্ত রিসোর্টের একটি কক্ষ বুকিং করেছিলেন। তিনি ১১ অক্টোবর রিসোর্ট বুকিং দিয়েছিলেন। ১৮ অক্টোবর দুপুর ১টায় তাদের রিসোর্ট ছাড়ার কথা ছিল।

জাহিদুর জানান, নাহিদুর গত শুক্রবার কক্সবাজার যাবেন বলে বলেছিলেন। পরদিন আগুনের ঘটনা জানার পর ভাইকে মোবাইলে ফোন দেন। কিন্তু তিনি মোবাইলে নাহিদুর বা পরিবারের কাউকে পাচ্ছেন না। মোবাইল ফোনে তার ভাইদের না পেয়ে গতকাল সন্ধ্যায় নিজে রওনা হয়েছেন। তিনি জানান, তারা দুই ভাই। মা নেই। অসুস্থ বাবা আমাদের সঙ্গে গ্রামে থাকে। বাবা এখনো জানেন না নাহিদুরের ঘটনা। ছুটি পেলে বা উৎসবে স্ত্রীকে নিয়ে নাহিদুর গ্রামে আসত।

জাহিদুর বলেন, ‘তারা বেঁচে আছে না, মারা গেছে সেটাও নিশ্চিত হতে পারেনি। তাদের নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছি।’

নাহিদুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিষয়ে জানতে চাইলে রাতে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, নাহিদুর একজন নিখোঁজ রয়েছেন, এটি জানা গেছে। বাকিদের বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি জানান, ছয়জন নিখোঁজ ব্যক্তির পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া গেলেও বাকি চারজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ শনাক্ত করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে।

গতকাল সকালে টুপটুপ রিসোর্টে আগুন লেগে ১০ জন নিহত হন। এদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল সাড়ে ৬টায় আগুন লাগে; দুই ঘণ্টার চেষ্টায় সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও