রাবির দুই আবাসিক হল ঝুঁকিপূর্ণ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শের-ই-বাংলা ও মন্নুজান হলকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রকৌশলী প্রতিনিধি দল।

এ অবস্থায় ঝুঁকিপূর্ণ হলগুলোর শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। গতকাল বেলা ২টায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হল দুটি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

এর আগে শেরে-ই-বাংলা হলের আবাসিক শিক্ষার্থীদের একটি অংশকে নবনির্মিত বিজয় একাত্তর হলে স্থানান্তর করেছে হল প্রশাসন।

উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা হলগুলো পরিদর্শন করেছি। এগুলো সংস্কারের জন্য বড় ধরনের বাজেট প্রয়োজন। আমরা যত দ্রুত সম্ভব সরকারের কাছে সমস্যাগুলো তুলে ধরব এবং সমাধান চাইব। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবন ও আবাসিক হল বিশেষজ্ঞদের মাধ্যমে পরিদর্শন করানো হবে।’

ঝুঁকির মাত্রা কতটুকু, আদৌ কোনো ঝুঁকি আছে কিনা, সে প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’

শিক্ষার্থীদের অন্যত্র সরিয়ে নেয়ার বিষয়টি জানিয়ে উপাচার্য বলেন, ‘বরাদ্দ পাওয়ামাত্রই আমরা হলের প্রতিনিধি ও শিক্ষার্থীদের সঙ্গে বসব। হয় স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তর, নয়তো সাময়িকভাবে সরিয়ে নেয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের ওপর কোনো কিছুই চাপিয়ে দেয়া হবে না।’

হল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দীন খান এবং শের-ই-বাংলা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম। এছাড়া শের-ই-বাংলা হল সংসদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও