গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত 'তরুণ উদ্যোক্তা, বিনিয়োগ, নীতি ও পরিবেশ ব্যবস্থা' শীর্ষক কর্মশালায় শেষে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, গোপালগঞ্জে হামলা দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি, সারা দেশ থেকে সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে ও সশস্ত্র হামলা করেছে, তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে গ্রেফতার করা হবে বলে আশা করছি।
আওয়ামী লীগের নৌকা প্রতীককে নির্বাচন কমিশন এখনো কিভাবে রাখে এমন প্রশ্নে তিনি বলেন, বিগত সময়ে যেই দল ও মার্কা ব্যবহার করে তিন দফা মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, সে মার্কাকে আবারো রাখাটা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। এটা দুঃখজনক যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আবার জুলাই মাসে এসে, এমনকি লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও নৌকা প্রতীক থাকবে কি না- এটা নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, বরং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদের হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনাপ্রসূত। অবশ্যই আমি অনুরোধ করব, নির্বাচন কমিশন যেন এটা পুনর্বিবেচনা করে।
এ সময় গোপালগঞ্জের ঘটনায় ইন্টারনেট বন্ধের বিষয়টি সত্য নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনার সময় ইন্টারনেট বন্ধ করা হয়নি, সরকার কোনো পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ করার পক্ষে নয়।