গ্যাস সংযোগ চান রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নাটোরের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার ব্যবসায়ী, কৃষি উদ্যোক্তা এবং জনপ্রতিনিধিরা শিল্পায়নের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে দেখছেন গ্যাস সংকটকে।

তারা দ্রুত গ্যাস সংযোগ নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বলেছেন, গ্যাসের অভাবে সম্ভাবনাময় শিল্প খাতগুলো স্থবির হয়ে আছে এবং নতুন বিনিয়োগ আসছে না।

গতকাল রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রেহান আসিফ আসাদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, ‘রাজশাহীতে বিসিক-২ প্রকল্প প্রস্তুত থাকলেও গ্যাস সংযোগ না পাওয়ায় সেটি চালু করা যাচ্ছে না। ফলে নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার সুযোগও বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত গ্যাস সংযোগ দেয়া গেলে বিসিক-২ চালু করে শিল্পায়নের গতি বাড়ানো সম্ভব হবে।’

নাটোর জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ বলেন, ‘নাটোর বিসিকে গ্যাসের সংযোগ নেই, যদিও শহরের পাশ দিয়েই গ্যাসের লাইন রয়েছে। গ্যাসের অভাবে বড় কোনো শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠছে না।’ একই দাবি জানিয়ে নাটোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মতিউর রহমান বলেন, ‘গ্যাস সরবরাহ নিশ্চিত হলে নাটোরের চামড়া শিল্প স্বনির্ভর হয়ে উঠতে পারবে।’ চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, ‘গ্যাস সংকটের কারণে জেলায় বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। পাশাপাশি পর্যাপ্ত হিমাগার না থাকায় প্রতি বছর বিপুল পরিমাণ আম নষ্ট হচ্ছে, যা অর্থনীতিতে বড় ধরনের ক্ষতির কারণ।’

সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বিএনপির নির্বাচনী ইশতাহারে সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ ধারণাকে বাস্তবে রূপ দিতে কাজ চলছে। রাজশাহী অঞ্চলের কৃষির বিপুল সম্ভাবনা রয়েছে। এখানকার চাহিদা পূরণ করে উদ্বৃত্ত পণ্য উৎপাদন সম্ভব হচ্ছে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারলে এ অঞ্চল দ্রুত এগিয়ে যাবে এবং সরকার সেই লক্ষ্যেই কাজ করছে।’

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) রেহান আসিফ আসাদ বলেন, ‘প্রত্যেক অঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্যকে কাজে লাগিয়েই সুষম উন্নয়ন সম্ভব।’

রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিললুর রহমানসহ তিন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তারা। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

আরও