রংপুরে স্ত্রীর করা যৌতুক মামলায় ইমরান মিঞা (৩৩) নামে শিশু বিষয়ক এক কর্মকর্তার জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র বিচারক মো. যাবিদ হোসেন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইমরান মিঞা রংপুরের পীরগঞ্জ উপজেলার হাসানপুর গ্রামের আবু তালেব মিঞার ছেলে। তিনি নীলফামারী জেলার শিশু বিষয়ক কর্মকর্তা।
মামলার এজাহার সূত্র জানায়, রংপুরের কেরানীপাড়া মহল্লার মোশারফ হোসেন খানের মেয়ে মাহমুদা মারজিয়া মুক্তার সঙ্গে ইমরান মিঞার চলতি বছরের ২১ মে রেজিস্ট্রিমূলে বিয়ে হয়। এরপর রংপুর নগরীর ধাপ লালকুঠি এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন তারা। পরে বিয়ে পারিবারিক ভাবে মেনে নেয়ার কথা জানিয়ে স্ত্রী মুক্তার কাছ থেকে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে মুক্তা রাজি না হলে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন ইমরান।
এ ঘটনায় গত ৯ অক্টোবর ইমরানকে আসামি করে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন মুক্তা। রোববার ওই মামলায় জামিন নিতে আদালতে উপস্থিত হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১’র পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মো. রফিক হাসনাইন জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।