চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশী প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে টানা কর্মসূচি আরো জোরালো হচ্ছে। তিন দিন ৮ ঘণ্টার কর্মবিরতির পর আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে বন্দর শ্রমিক ও কর্মচারীরা।
‘বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে।
আজ সোমবার চট্টগ্রাম বন্দর ভবন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন পরিষদের সমন্বয়ক ও বন্দরের নৌ বিভাগের কর্মী মো. ইব্রাহিম খোকন। তিনি বলেন, বন্দরের স্বার্থ, আর্থিক বিষয়াদি বিবেচনায় না নিয়েই বিদেশী এজেন্ডা বাস্তবায়নের জন্য এনসিটি ইজারা দেয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করা হচ্ছে। এ প্রক্রিয়ায় ব্যক্তিগত সুবিধা আদায়ের বিষয়টিও সম্পৃক্ত। বন্দরের কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই এ সিদ্ধান্ত মেনে নিবে না। আজ (সোমবার) বিকাল চারটা পর্যন্ত কর্মসূচি চলবে। তবে আগামীকাল মঙ্গলবার সকাল ৮টা হতে ২৪ ঘন্টা কর্মবিরতি শুরু হবে।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের অপর সমন্বয়ক মো. হুমায়ুন কবির বলেন, বন্দরের সর্বস্তরের কর্মচারীরা স্বত:স্ফূর্তভাবে তাদের আহ্বানে সাড়া দিয়েছেন। কর্মসূচির অংশ হিসেবে বন্দরের ভেতর পণ্য পরিবহন, কনটেইনার হ্যান্ডলিং ও আমদানি পণ্যের ডেলিভারি কার্যক্রম বন্ধ রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে আগের মতোই বলা হয়েছে, এনসিটি ইজারা ও সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো সরকারের নীতিগত নির্দেশনা অনুযায়ী নেয়া হচ্ছে।