স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত ৪টি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।
এদিন দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
এ সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী মনোনয়ন দিতে পারবে না।
এর আগে ২০১৫ সালে সিটি, পৌর, উপজেলা ও ইউপিতে দলীয় প্রতীকে ভোটের বিধান রেখে আইন সংশোধন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর থেকেই স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বাতিলের দাবি করে আসছিলেন বিভিন্ন দলের নেতাকর্মী ও বিশেষজ্ঞরা। অন্তর্বর্তী সরকারের গঠন করা নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাদ দেয়ার সুপারিশ করে।