জয়পুরহাটে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল!

জয়পুরহাটের জিৎ চন্দ্র মহন্ত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে এক বিষয়ে পরীক্ষা দিয়েছিল।

জয়পুরহাটের জিৎ চন্দ্র মহন্ত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসিতে এক বিষয়ে পরীক্ষা দিয়েছিল। তবে ফলাফল প্রকাশের পর জানা গেছে সে দুটি বিষয়ে ফেল করেছে। আক্কেলপুরে উপজেলার শ্রীকর্ণদীঘি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী জিৎ চন্দ্র মহন্ত ফার্ম মেশিনারি ট্রেডে এবার শুধু গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছিল।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, জিৎ চন্দ্র মহন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় নবম শ্রেণীতে ভর্তি হয়। সে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে শুধু গণিতে ফেল করে। এবার সে শুধু গণিত পরীক্ষা দিয়েছে। তবে অনলাইনে ফলাফল দেখতে গিয়ে দেখে সে গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে।

জিৎ চন্দ্র মহন্ত বলে, ‘আমি ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছি। এবার শুধুই গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছি। ফলাফল নিতে গিয়ে দেখি আমাকে কৃষিতেও ফেল দেখানো হচ্ছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যে ছিলই না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে ফেল দেখে বিস্মিত হয়েছি।’

বিদ্যালয়ের কারিগরি শাখার সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, ‘বোর্ডের কারিগরি ত্রুটির কারণে এমন হতে পারে। নম্বরপত্র দেয়ার সময় সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল আমিন বলেন, ‘আমি বিষয়টি নিয়ে বোর্ডের কারিগরি শাখায় যোগাযোগ করেছি। এ ফলাফল বোর্ডের ভুলের কারণেই হয়েছে। কৃষি ‘ফোর্থ সাবজেক্ট’ হওয়ায় চূড়ান্ত ফলাফলে সমস্যা হওয়ার কথা নয়। তবে সে গণিতে পাস করলে মোট ফলাফলেও পাস দেখাবে।’

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন বলেন, ‘এ বিষয়ে আমার কিছু জানা নেই। তবে খোঁজখবর নিয়ে জানা যাবে প্রকৃত ঘটনা কী।’

আরও