ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকের চাপায় মাদারীপুরের শিবচর উপজেলার দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাতে দুই বন্ধু মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও মুজিবুল হক দুর্জয় (৩২)। নিহত রোমান শিবচরের মৃধাকান্দি গ্রামের তোতা মৃধার ছেলে এবং দুর্জয় পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শামসুল আলমের ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, সোমবার সকালে দুই বন্ধু মোটরসাইকেল মেরামতের কাজে ঢাকা যান। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে ফেরার পথে আব্দুল্লাহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজন মারা যান। স্থানীয়রা অন্যজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পরে তিনিও মারা যান।
খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।