নেত্রকোনার বারহাট্টার পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেন গ্রেফতার

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম তাপস দেবনাথ জানান, যেসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করাসহ মামলা দেয়া হয়েছে তাদেরকে দ্রুত চাকরিতে পুনঃবহাল করা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। সাময়িক জনদুর্ভোগের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়ী।

নেত্রকোনার বারহাট্টা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মামলা থাকায় শুক্রবার সকালে ঢাকার খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সূত্রে জানা গেছে, আরইবি-পল্লী বিদ্যুৎ একীভূতকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামে। বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনার প্রতি অবজ্ঞা ও দাপ্তরিক পরিপন্থী কার্যকলাপের অভিযোগ এনে বারহাট্টা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মনির হোসেনসহ ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে অবসর দেয়া হয়।

গত বুধবার পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) মাহফুজুল হক স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। এরপর বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে বারহাট্টা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেনকে সেনাবাহিনী আটক করে থানায় নিয়ে যায়। তবে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেয়া হয়।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সেবা বন্ধ করে দেয় বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত জেলার ১০ উপজেলাসহ পাশ্ববর্তী সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে করে পল্লী বিদ্যুতের ৬ লাখ ৩৫ হাজার ২৫৩ গ্রাহক দুর্ভোগের শিকার হয়।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম তাপস দেবনাথ জানান, যেসব কর্মকর্তাকে চাকরিচ্যুত করাসহ মামলা দেয়া হয়েছে তাদেরকে দ্রুত চাকরিতে পুনঃবহাল করা না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। সাময়িক জনদুর্ভোগের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়ী। তিনি গ্রেফতার হওয়া মনির হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক প্রকৌশলী মাসুম আহমেদ বলেন, বারহাট্টার এজিএম মনির হোসেনকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। তবে কোথা থেকে এবং কখন ধরেছে বিষয়টি আমার জানা নেই।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফর রহমান বিষটি নিশ্চিত করে জানান, বারহাট্টা পল্লী বিদ্যুতের এজিএম মনির হোসেনের বিরুদ্ধে মামলা থাকায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে শুক্রবার তাকে ঢাকার খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও