সার সরবরাহ ও বিতরণ নিয়ে দেশের বিভিন্ন স্থানে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। পর্যাপ্ত সার না পাওয়া ও বিতরণে দেরি হওয়ায় কুড়িগ্রামে এক ডিলারের গুদামের বেড়া ও দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা শতাধিক বস্তা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই দিনে রাজশাহী ও লালমনিরহাটে সার সংকটের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা। এছাড়া মাগুরার শ্রীপুরে কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার অবৈধভাবে মজুদের অভিযোগে ৩২৮ বস্তা রাসায়নিক সার এবং বগুড়ার ধুনট উপজেলায় ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। প্রতিনিধিেদর পাঠানো খবর।
কুড়িগ্রাম: রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নে সার বিতরণে দেরি হওয়ায় এক ডিলারের গুদামের বেড়া ও দরজা ভেঙে বিক্ষুব্ধ কৃষকরা সার নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডসহ আশপাশ এলাকার
কৃষকরা সার সংগ্রহের জন্য গভীর রাত থেকেই ওই ডিলার পয়েন্টে জড়ো হতে থাকেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও ডিলারের দেখা না পাওয়ায় অপেক্ষমাণ কৃষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা ডিলারের গুদামের টিনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখান থেকে সারের বস্তা নিয়ে যান।
এ ব্যাপারে রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল আলম বসুনিয়া বলেন, ‘কৃষকেরা ধৈর্য ধরে সার উত্তোলন করলে কোনো সমস্যা হবে না। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে খোলাবাজারে সার বিক্রির ব্যবস্থা করা হবে।’
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল হাসান বলেন, ‘একটি সার বিক্রয় কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।’
রাজশাহী: পুঠিয়া উপজেলায় পর্যাপ্ত সার না পাওয়ার কারণে কৃষকেরা গতকাল ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। পরে ইউএনও, উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ তাদের বুঝিয়ে অবরোধ প্রত্যাহার করিয়ে নেন। সড়ক অবরোধকারী কয়েকজন কৃষক জানান, এক মাস পর তারা সকালে সার নিতে আসেন। তাদের মাত্র ১০ কেজি করে ডিএপি সার দেয়া হচ্ছে। এ পরিমাণ সারে তাদের প্রয়োজন মিটবে না। এ কারণে তারা সড়ক অবরোধ করেন। বিক্ষোভে অংশ নেয়া কৃষক রফিকুল ইসলাম বলেন, ‘ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলাম। সকাল ১০টার দিকে বিসিআইসির ডিলার ওছমান আলী বলেন, সার শেষ। আমরা সার না পেলে জমি রক্ষা করব কীভাবে?’ তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করে বিসিআইসির সার ডিলার ওছমান আলী বলেন, ‘আমাদের এখানে এখন পর্যন্ত ইউরিয়ার কোনো সংকট নেই। সবাইকে সার দেয়া হচ্ছে।’
এ বিষয়ে পুঠিয়ার ইউএনও লিয়াকত সালমান বলেন, ‘চাষীরা আরো বেশি সার বরাদ্দ চেয়েছেন। পাশাপাশি ডিলারদের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগও করেছেন তারা। এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
লালমনিরহাট: পর্যাপ্ত সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিত ও অসাধু সিন্ডিকেট ভাঙার দাবিতে গতকাল লালমনিরহাটে আবারো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকেরা। এতে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে প্রায় ১ ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে কৃষকেরা অবরোধ প্রত্যাহার করেন।
বিক্ষুব্ধ কৃষকদের দাবি, দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সিন্ডিকেট করে সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। খবর পেয়ে সদর ইউএনও, কৃষি বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা কৃষকদের দাবি মেনে নিয়ে দ্রুত সার সরবরাহের সুনির্দিষ্ট আশ্বাস দিলে প্রায় ১ ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যান কৃষকেরা।
মাগুরা: শ্রীপুরে কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সার অবৈধভাবে মজুদের অভিযোগে ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় শাহীন জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দার নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল এ তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
বগুড়া: ধুনট উপজেলায় সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের দোকান থেকে ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। গতকাল উপজেলার মথুরাপুর ও খাদুলী চারমাথা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।