প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভোটারদের আস্থা ফেরানো ও তাদের কেন্দ্রে নিয়ে আসা।
আজ শনিবার (২৬ জুলাই) সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জনগণকে ভোটকেন্দ্রমুখী করতেও চেষ্টা চলছে উল্লেখ করে সিইসি বলেন, বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন।
এ সময় নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য ও এআই’র অপব্যবহার রোধে নির্বাচন কমিশন কাজ করছে বলে উল্লেখ করেন সিইসি। তিনি বলেন, নির্বাচন ঘিরে ভুয়া নানা তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে। এসব প্রতিরোধে বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বয় করে কমিশন কাজ করছে।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে। আমরা একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন চাই।