বেনাপোল বন্দরে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে আমদানি পণ্যের গুণাগুণ

যশোরে ভারি বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে।

এতে বন্দরের বিভিন্ন গুদাম ও শেডে রাখা কোটি কোটি টাকার আমদানি পণ্য ভিজে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতার কারণে পরিস্থিতির আরো অবনতি হয়েছে বলে জানিয়েছেন আমদানি ও রফতানিকারকরা।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টায় মোট ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার দুপুর থেকে গতকাল সকাল ১০টা পর্যন্ত ২৫ মিলিমিটার বৃষ্টিপার্ত রেকর্ড করা হয়েছে। দুইদিনে ২১৫ মিলিমিটার বৃষ্টিপাতে বেনাপোল বন্দরের বিভিন্ন শেড তলিয়ে গেছে। গতকাল নতুন করে বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বন্দরের ৩ নম্বর গেটসংলগ্ন পাঁচটি শেডে বিভিন্ন ধরনের আমদানি পণ্য হাঁটুপানিতে তলিয়ে রয়েছে। খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ ও আমদানি-রফতানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত গুদামগুলো পরিদর্শন করেছেন।

সংশ্লিষ্টরা জানান, বন্দরে আধুনিক শেড, ইয়ার্ড ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে প্রায়ই আমদানি পণ্য পানিতে তলিয়ে যায়। এতে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন। কোনো ক্ষতিপূরণও পান না তারা।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক কাজী রতন জানান, টানা বৃষ্টির কারণে কয়েকটি শেডে রাখা পণ্য পানিতে ভিজেছে। পাওয়ার পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশনের চেষ্টা চলছে। তবে অব্যাহত বৃষ্টির কারণে কাজ ব্যাহত হচ্ছে। বৃষ্টি থামলে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও